পল্টন-মতিঝিলে নাশকতার মামলায় মির্জা আব্বাসের জামিন
জাতীয় সংসদ নির্বাচনের বর্ষপূতি ঘিরে রাজধানীতে নাশকতার অভিযোগে করা দুই মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে ছয় মাসের জামিন দিয়েছে হাই কোর্টের একটি বেঞ্চ।
বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের হাই কোর্ট বেঞ্চ তার জামিন আবেদনের শুনানি নিয়ে সোমবার এ আদেশ দেয়।
তবে দুর্নীতি দমন কমিশনের এক মামলায় মির্জা আব্বাসের জামিন প্রশ্নে রুল শুনানির অপেক্ষায় থাকায় এখনই তিনি মুক্তি পাচ্ছেন না বলে জানিয়েছেন তার আইনজীবী সগীর হোসেন লিওন।
আদালতে মির্জা আব্বাসের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জয়নুল আবেদীন। শুনানিতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ এ কে এম মনিরুজ্জামান কবির।
২০১৩ সালের ৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের বর্ষপূর্তিকে কেন্দ্র করে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন ও গত বছরের ৬ জানুয়ারি মতিঝিল থানায় দায়ের নাশকতার মামলায় গত ৬ জানুয়ারি মির্জা আব্বাস নিম্ন আদালতে আত্মসমর্পণ করলে তাকে কারাগারে পাঠানো হয়।
নিম্ন আদালতে ওই দুই মামলায় জামিন আবেদন না মঞ্জুর হওয়ার পর গত সপ্তাহে হাই কোর্টে জামিন আবেদন করেন এই বিএনপি নেতা, যার ওপর শুনানি গ্রহণ করে আদালত ছয় মাসের জামিন মঞ্জুর করেছে।
