জজ আদালতেও জামিন পাননি মির্জা আব্বাস
নাশকতার দুই মামলায় বিএনপিনেতা মির্জা আব্বাসের জামিন আবেদন হাকিম আদালতের পর জজ আদালতেও নাকচ করে দেওয়া হয়েছে।
রোববার মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা জামিনের আবেদন নাকচ করে দেন বলে আব্বাসের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ জানিয়েছেন।
পল্টন ও মতিঝিল থানার এই দুই মামলায় গত ৬ জানুয়ারি ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতে মির্জা আব্বাস আত্মসমর্পণ করে জামিন চাইলে আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
মামলা দুটির একটি ২০১৪ সালের ২৮ ডিসেম্বর পল্টন থানায় দায়ের করা হয়। এতে বাসে অগ্নিসংযোগ ও বিস্ফোরণের অভিযোগ রয়েছে। আর গতবছর ৪ জানুয়ারি মতিঝিল থানার মামলাটি করা হয়েছে বিস্ফোরক আইনে।
এছাড়া মিরপুর থানার নাশকতার অন্য দুটি মামলায় গতবছর ৩০ অগাস্ট মির্জা আব্বাসসহ ৮৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত। ওই দুই মামলায় তিনি আগেই জামিন পেয়েছিলেন।
গত বছরের শুরু থেকে বিএনপির আন্দোলনের মধ্যে কার্যত আত্মগোপনে ছিলেন বিএনপির ঢাকা মহানগর আহ্বায়ক মির্জা আব্বাস।
এপ্রিলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী হওয়ার পর এই দুই মামলায় আগাম জামিন চাইতে তিনি প্রকাশ্যে আসেন।
গত মে মাসে হাই কোর্ট আব্বাসের আগাম জামিনের আবেদন খারিজ করে দিলেও তিনি আত্মসমর্পণ করেন সাত মাস পর।
