যুদ্ধাপরাধী দলের বিচারে আইন ফেব্রুয়ারিতে: মন্ত্রী
একাত্তরে যুদ্ধাপরাধ সংঘটনের সঙ্গে জড়িত দল বা সংগঠনের বিচারের বিধান যুক্ত করে ফেব্রুয়ারিতেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।
বৃহস্পতিবার তার দপ্তরে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নেতারা দেখা করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এতথ্য জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, “আমি আগে বলেছিলাম, মার্চ মাসনাগাদ হবে। সেই ক্ষেত্রে এটা এগিয়ে এসেছে। এখন বলছি ফেব্রুয়ারি।”
জামায়াত নিষিদ্ধের আইন ফেব্রুয়ারির মধ্যে হচ্ছে কি না- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “জামায়াত নিষিদ্ধের কথা বলা হলে আদালতের এখতিয়ারে হাত দেওয়া হয়।
“যেটা করা হচ্ছে, সংগঠনের বিচার এবং শাস্তির বিধান রেখে একটা আইন করা হচ্ছে। সেটা আইসিটি অ্যাক্ট সংশোধন করে করা হচ্ছে। জামায়াত নিষিদ্ধ হবে কি-না, সেটা আদালত বলবে।”
সম্পত্তি বাজেয়াপ্তের বিষয়টি শাস্তির বিধান হিসাবে আসবে বলেও জানান তিনি।
আইনমন্ত্রী বলেন, “অর্থমন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন। আমি এই ব্যাপারে তার সঙ্গে কথা বলব। বাজেয়াপ্তের বিধান রেখেই আইন করতে হবে।”
এসময় ইউরোপের ‘হলোকাস্ট ডিনায়াল অ্যাক্টের’ আদলে মুক্তিযুদ্ধের অবমাননা ও ইতিহাস বিকৃতি রোধে আইন প্রণয়নের বিষয়ে জানতে চান সাংবাদিকরা।
আনিসুল হক বলেন, “এটা খসড়াটা নিয়ে আমরা আলাপ-আলোচনা করছি। আমার মনে হয়, এই রকম একটা আইন প্রয়োজন হয়ে গেছে। আমার মুক্তিযুদ্ধ নিয়ে ফুটবল খেলা আমরা খেলতে দিতে পারি না।
“আজকেও আপনারা দেখবেন বিএনপির এক নেতা বলেছে, ওনাদেরকে লিস্ট দিতে হবে, কতজন শহীদ হয়েছেন। ওনারাও ক্ষমতা ছিলেন। ওনারা কেন তৈরি করেননি?। কোথাও এই রকম লিস্ট তৈরি করা সম্ভব হয়নি।
“আজগুবি কথাবার্তা শোনার সময় নাই। সেই কারণেই এই আইনটার প্রয়োজন আছে বলে আমরা মনে করি।”
এই আইনে সর্বোচ্চ শাস্তি হতে পারে তা জানতে চাইলে তিনি বলেন, “অনেকগুলো দেশে এই ধরনের আইন আছে, সেখানে কতটুকু শাস্তির বিধান রাখা আছে, সেটার কতটুকু যুক্তি আছে, তার কতটুকু রাখা হবে, সেটা পরে ঠিক হবে। আজকেই আমি এই ব্যাপারে বলতে চাই না।”
সাক্ষী সুরক্ষা আইন সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, “সাক্ষী সুরক্ষা আইনের ইনিশিয়েটিং মন্ত্রণালয় স্বরাষ্ট্র। সেখানে আছে এটা। আমার সঙ্গে একবার আলাপ হয়েছে।
“সেই আইনটার মধ্যে কিছু কিছু জায়গায় আমাদের প্রশ্ন আছে। এই বছরের জুন মাসের মধ্যে আমার মনে হয়, সেটা সংসদ পর্যন্ত পৌছানো সম্ভব হবে।”
