একুশে অগাস্ট মামলায় আ. লীগ নেতা ম খা আলমগীরের জেরা শেষ
একুশে অগাস্ট গ্রেনেড় হামলার দুই মামলায় রাষ্ট্রপক্ষের সাক্ষী আওয়ামী লীগ নেতা মহীউদ্দীন খান আলমগীরকে জেরা শেষ করেছে আসামিপক্ষ।
পুরান ঢাকার নাজিম উদ্দিন রোডের বিশেষ এজলাসে ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক শাহেদ নূর উদ্দিনের আদালতে মঙ্গলবার এই জেরা কার্যক্রম শেষ হয়।
এর আগে সোমবার একই আদালতে সাবেক মন্ত্রী ম খা আলমগীরের জবানবন্দি শেষ হলে আসামিপক্ষের করা আংশিক জেরা নথিভুক্ত করেন বিচারক।
রাষ্ট্রপক্ষের ২০৬ নম্বর এই সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষে বিচারক আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি পরবর্তী সাক্ষ্য নেওয়ার দিন রেখেছেন বলে জানিয়েছেন এ মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমানের সহকারী আইনজীবী আকরাম উদ্দিন শ্যামল।
আকরাম উদ্দিন শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আগামী ১ এবং ২ ফেব্রুয়ারি মতিঝিল থানার তৎকালীন এসআই মনির হোসেন ও এসআই আমির হোসেনকে সাক্ষ্য দিতে ট্রাইব্যুনালে হাজির হওয়ার জন্য সমন পাঠানো হচ্ছে।"
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, হুজি নেতা মুফতি আবদুল হান্নানসহ কারাগারে আটক মামলার আসামিদের এদিন আদালতে হাজির করা হয়।
জামিনে থাকা আসামি খালেদা জিয়ার ভাগ্নে সাইফুল ইসলাম ডিউক, সাবেক আইজিপি মো. আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বক্স চৌধুরী এবং মামলার তিন তদন্ত কর্মকর্তা সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, সিআইডির সিনিয়র এএসপি মুন্সি আতিকুর রহমান, এএসপি আব্দুর রশীদ ও সাবেক ওয়ার্ড কমিশনার আরিফুল ইসলামও আদালতে উপস্থিত ছিলেন।
এ মামলায় জামায়াতে ইসলামীর নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদও আসামি ছিলেন। গত বছর যুদ্ধাপরাধ মামলায় তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জনসভায় গ্রেনেড হামলায় ২৪ জনের মৃত্যু হয়। আহত হন কয়েকশ নেতাকর্মী। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনাও অল্পের জন্য প্রাণে বেঁচে যান।
