‘সো কল্ড’ সংসদে কিছুই হচ্ছে না: খালেদা
দশম জাতীয় সংসদে জনগণের সমস্যা নিয়ে আলোচনা হয় না বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
সোমবার নিজের গুলশানের কার্যালয়ে কৃষক দলের নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি বলেছেন, “দেশে গণতন্ত্র না থকার জন্য জনগণের হয়ে আজ কথা বলার কেউ নেই। এ যে পার্লামেন্ট বসায়, এখানে কী আপনাদের কৃষকদের সমস্যা নিয়ে কোনোদিন আলোচনা হয়েছে, হয়নি।
“দেশের যত সমস্যা আছে, এই যে ব্যাংক লুট হচ্ছে, অমুক হচ্ছে, শেয়ার বাজার, এটা-সেটা এত যে হয়েছে। এই যে সো-কল্ড পার্লামেন্টে এরা কি আলোচনা করছে? কেন করেনি? এরা জনগণের দ্বারা নির্বাচিত নয়। এরা স্বঘোষিত।”
দশম সংসদ নির্বাচন বর্জনের পর সংসদের বাইরে থাকা বিএনপি এখন নির্দলীয় সরকারের অধীনে মধ্যবর্তী নির্বাচনের দাবিতে সংলাপ চেয়ে আসছে।
আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে খালেদা বলেন, “এই সরকার টিকে আছে শুধু অত্যাচার, গুম, খুন আর মিথ্যা মামলা-হামলা দিয়ে। তারা টিকে আছে শুধুই পুলিশকে ব্যবহার করে।
“এজন্য পুলিশরা এখন স্লোগান শুরু করেছে, তারাই সব। বলে কী- মাছের রাজা ইলিশ, দেশের রাজা পুলিশ। বাহ! চমৎকার স্লোগান উঠেছে, তারাই রাজা এখন।”
“এই পুলিশ দিয়ে দেশ বেশি দিন চলে না। অত্যাচার গুম-খুন করেও বেশিদিন ক্ষমতা ধরে রাখা যায় না,” বলেন সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়া।
‘কৃষকদের নিয়ে কৃষক দল গড়ুন’
জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে আসা নেতাদের প্রকৃত কৃষকদের নিয়ে সংগঠন গড়ে তোলার পরামর্শ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা।
সকালে রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে কৃষক দলের জাতীয় প্রতিনিধি সম্মেলনের পর সংগঠনটির নেতারা খালেদার সঙ্গে দেখা করতে যান। এই সম্মেলনে ৬৪টি সাংগঠনিক জেলার তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন।
খালেদা বলেন, “আপনারা কৃষক দল করতে হলে মাঠে-ঘাটে যেতে হবে। সত্যিকার কৃষকদের দিয়ে দল করতে হবে। আপনারা যদি ছাত্রদলের-যুবদলের লোকজনকে নিয়ে সংগঠন করেন, সত্যিকারের কৃষকদের না নেন, তাহলে সেটা কৃষক দল হলো না।
“আমি বলি, প্রকৃত কৃষকদের নিয়ে সংগঠন করা উচিত। তাদের (কৃষক) সমস্যা শুনতে হবে। কৃষকদের উৎসাহিত করতে হবে।”
জিয়াউর রহমান ও তার শাসনামলে কৃষকদের উন্নয়নে নেওয়া নানা পরিকল্পনার কথা তুলে ধরেন খালেদা জিয়া। বর্তমানে কৃষকরা চরম দুরবস্থায় রয়েছেন দাবি করে তার জন্য সরকারকে দায়ী করেন তিনি।
মতবিনিয়ম সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু বক্তব্য রাখেন।
