২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে সরানোর চেষ্টায় প্রতিহিংসার মামলা: বিএনপি

সরকার খালেদা জিয়াকে বাংলাদেশের রাজনীতি থেকে ‘সরাতে চায়’ বলেই ‘প্রতিহিংসা’ থেকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা ‘করিয়েছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির মুখপাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2016, 02:21 PM

Updated : 12 Apr 2022, 01:17 AM

সোমবার ওই মামলায় আদালত খালেদার বিরুদ্ধে সমন জারির ঘণ্টাখানেক পর জাতীয়তাবাদী কৃষক দলের প্রতিনিধি সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।

“এ মামলা শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে। বেগম জিয়া বাইরে থাকলে, বেগম জিয়া রাজনীতিতে থাকলে বেগম জিয়া রাস্তায় বের হলে তাদের টনক নড়ে যায়। তাদের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়ে। সেজন্য তারা বেগম জিয়াকে রাজনীতি থেকে সরাতে চায়।”

বাংলাদেশের মানুষ ‘এই চেষ্টা’ কোনোভাবেই মেনে নেবে না বলে মন্তব্য করেন ফখরুল।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে মন্তব্যের কারণে আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সুপ্রিম কোর্টের আইনজীবী মোমতাজ উদ্দিন মেহেদী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে সোমবার এই মামলা করেন।

তার মামলা আমলে নিয়ে ঢাকার হাকিম আদালত খালেদাকে আগামী ৩ মার্চ হাজির হয়ে অভিযোগের বিষয়ে নিজের ব্যাখ্যা দিতে বলেছে।

গত ২১ ডিসেম্বর রাজধানীতে একটি আলোচনা সভায় খালেদা জিয়া মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয় এত লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানা রকম তথ্য আছে।”

তার ওই বক্তব্যে প্রতিক্রিয়া হলেও বিএনপি নেতারা বলে আসছেন, খালেদা ‘ভুল কিছু’ বলেননি। 

মির্জা ফখরুল সোমবার বিষয়টি ব্যাখ্যা করেন এভাবে- “উনি একটা সভাতে বক্তব্য রেখেছেন। কী বক্তব্য রেখেছেন? তার বক্তব্যের মধ্যে রাষ্ট্রদ্রোহিতার চিহ্ন মাত্র নেই। বরঞ্চ তিনি বলেছেন, যে এটার একটা সঠিক হিসাব হওয়া উচিৎ। যে হিসাবটা হলে আমরা আমাদের শহীদদের প্রকৃত মর্যাদা দিতে পারব। যার ব্যাখ্যা আমি কিন্তু একটি বিবৃতি দিয়ে গোটা জাতিকে জানিয়েছি।”

তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলাকে ‘পরিহাস ছাড়া কিছু নয়’ বলে মন্তব্য করে তিনি বলেন, “দেশনেত্রীর বিরুদ্ধে একটা পর একটা মিথ্যা মামলা করছেন। দুর্নীতি দমন কমিশনের মামলা, অমুক মামলা করছে। সর্বশেষ আজকে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা করা হয়েছে।”

‘ক্ষমতাসীনরা দেশকে বিভক্ত করে ফেলেছে’ অভিযোগ করে বিএনপির মুখপাত্র ফখরুল বলেন, “দেশের সমৃদ্ধি, মানুষের আয় বৃদ্ধি ও গণতন্ত্রকে বিকশিত করার জন্য অবশ্যই জনগণের একটা ঐক্য দরকার।

“বিভক্ত করে দিয়ে কিংবা কথায় কথায় জঙ্গিবাদ বলে, মানুষকে হয়রানি করে বিরোধী দলের ওপর দোষ চাপিয়ে জঙ্গিবাদকে ঠেকানো যাবে না।”

বিএনপিকে ‘উদারপন্থি গণতান্ত্রিক দল’ দাবি করে তিনি বলেন, “এখানে সাম্প্রদায়িকতার জায়গা নাই; এখানে উগ্রবাদ ও সন্ত্রাসের কোনো স্থান নাই।

“বিরোধী দলকে বাদ দিয়ে নয়, সঙ্গে নিয়ে উগ্রবাদকে ঠেকাতে হবে।”

ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে কৃষক দলের কেন্দ্রীয় প্রতিনিধি সম্মেলনে দেশের ৬৪ সাংগঠনিক জেলার তিন শতাধিক প্রতিনিধি অংশ নেন।

সভায় ‘কৃষকদের চরম দুর্ভোগের অবস্থার জন্য’ সরকারের সমালোচনা করেন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি ফখরুল।

সংগঠনের সাধারণ সম্পাদক শামসুজ্জামান ‍দুদুর সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে কৃষক দলের সহসভাপতি এম এ তাহের, নাজিমউদ্দিন, সৈয়দ মেহেদি আহমদে রুমি, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক তকদীর হোসেন মো. জসিম, জামালউদ্দিন খান মিলন, ব্রাক্ষনবাড়ীয়ার হাফিজুর রহমান মোল্লা কচি ও যাশোরের সাবেরুল হক সাবু বক্তব্য দেন।