স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা
সাংগঠনিক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করতে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, শনিবার রাত সাড়ে ৮টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হবে।
স্থায়ী কমিটির সঙ্গে এটিই হবে নতুন বছরে বিএনপি চেয়ারপারসনের প্রথম বৈঠক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে রিজভী বলেন, ‘‘দেশের রাজনৈতিক পরিস্থিতিসহ সাংগঠনিক কার্যক্রম নিয়ে আলোচনা করতে আমাদের চেয়ারপারসন এ বৈঠক ডেকেছেন।”
এর আগে পৌর নির্বাচন সামনে রেখে গত বছর ১২ ডিসেম্বর জ্যেষ্ঠ নেতাদের নিয়ে বৈঠক করেন খালেদা জিয়া। গত ৩০ ডিসেম্বর দলীয় প্রতীকে হওয়া ওই নির্বাচনে বিএনপির ভরাডুবি হয়।
অবসরের পর বিচারকদের রায় লেখা নিয়ে প্রধান বিচারপতি এস কে সিনহার সাম্প্রতিক বক্তব্য নিয়ে রাজনৈতিক অঙ্গনের নানা আলোচনা বিএনপির বৈঠকে আসতে পারে বলে মনে করছেন দলের নীতিনির্ধারকরা।
আবার বিএনপির কাউন্সিলের সম্ভাব্য তারিখ নিয়েও স্থায়ী কমিটির বৈঠকে আলোচনা হতে পারে বলে গণমাধ্যমের খবর।
