‘এই লোকটা দেশে অস্বস্তিকর অবস্থা সৃষ্টি করেছে’
বাংলাদেশে চলমান রাজনৈতিক জটিলতার জন্য সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল করে বিচারপতি এ বি এম খায়রুল হক নেতৃত্বাধীন আপিল বিভাগের দেওয়া রায়কে দায়ী করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন।
তিনি বলেছেন, “বিচারপতি খায়রুল হক সাহেব। এই লোকটির কারণে বাংলাদেশের রাজনীতিতে এক অস্বস্তিকর অবস্থার সৃষ্টি হয়েছে।
“সম্পূর্ণ সংবিধান পরিপন্থিভাবে তিনি সংবিধান থেকে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান বাতিল করে দিয়ে দেশে রাজনৈতিক হানাহানি অবস্থা ও মানুষের ভোটের অধিকার হরণ করা হয়েছে। এর জন্য একদিন তাকে জবাবদিহি করতে হবে।”
বর্তমান প্রধান বিচারপতি এস কে সিনহার একটি বক্তব্যকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে আলোচনার মধ্যে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় একথা বলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব।
ত্রয়োদশ সংশোধনী আদালত বাতিল করার পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে সংবিধানে পঞ্চদশ সংশোধন আনে। নির্বাচনকালীন নির্দলীয় ওই সরকার পদ্ধতি বাতিল হওয়ার বিএনপি দশম সংসদ নির্বাচন বর্জন করে।
গত বুধবার বর্তমান প্রধান বিচারপতি সিনহা তার দায়িত্ব নেওয়ার এক বছর পূর্তিতে এক বাণীতে বলেন, অবসরের পর বিচারকদের রায় লেখা ‘সংবিধান পরিপন্থি’।
তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিল করে দেওয়া ওই রায় ঘোষণার দেড় বছর পর লেখা করে পূর্ণাঙ্গভাবে প্রকাশ হয়েছিল।
বিএনপি সমর্থক আইনজীবীরা বলছেন, এর মধ্য দিয়ে স্পষ্ট হল যে ওই রায় ‘অবৈধ’ ছিল, তার উপর ভিত্তি করে সংবিধান সংশোধন করে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানও ‘অবৈধ’, ওই নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকারও ‘অবৈধ’।
প্রধান বিচারপতি এস কে সিনহার বক্তব্য ধরে জাতীয় প্রেস ক্লাবে আরেকটি আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দিন আহমেদ পদত্যাগ করতে সরকারকে আহ্বান জানান।
তিনি বলেন, “সরকারকে বলব, অবসরে যাওয়ার পর বিচারপতির রায় লেখার বিষয়ে প্রধান বিচারপতি এস কে সিনহা যে বক্তব্য দিয়েছেন, দেশ ও জাতির আর ক্ষতি না করে পদত্যাগ করুন। এই রকম অভিযোগ পৃথিবীর অন্য কোনো দেশে হলে অনেক আগেই সরকার পদত্যাগ করত।”
