২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াতের আমির হয়েছেন খালেদা: মায়া

বিএনপি নেত্রী খালেদা জিয়া জামায়াতে ইসলামীর আমির হয়েছেন বলে মন্তব্য করে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেছেন, জামায়াত-শিবিরকে রক্ষা করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য খালেদা জিয়া উঠে-পড়ে লেগেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jan 2016, 03:49 PM

Updated : 20 Aug 2022, 11:39 AM

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি বলেন, “বিএনপি ছেড়ে খালেদা জিয়া জামায়াতের আমির হয়েছেন। জামায়াত-শিবিরকে রক্ষা করে যুদ্ধাপরাধীদের বাঁচানোর জন্য তিনি (খালেদা) উঠে-পড়ে লেগেছেন।

“আমি স্পষ্ট করে বলতে চাই-কোনো ষড়যন্ত্রকারীরাই যুদ্ধাপরাধীদের রক্ষা করতে পারবে না। যারা তাদের (যুদ্ধাপরাধী) বাঁচানোর চেষ্টা করছে, তাদের জায়গা এদেশের মাটিতে হবে না।”

মুক্তিযুদ্ধের বিরোধিতায় পাকিস্তানকে সহযোগিতা করা জামায়াতে ইসলামীর রাজনীতি স্বাধীন বাংলাদেশে নিষিদ্ধ হয়েছিল। কিন্তু পঁচাত্তরে বঙ্গবন্ধু সপরিবারে নিহত হওয়ার পর বিএনপি নেত্রী খালেদা জিয়ার স্বামী সেনাশাসক জিয়াউর রহমানের সময়ে এদেশের রাজনীতিতে পুর্নবাসিত হয় জামায়াত।

একাত্তরের ভূমিকার জন্য জামায়াতের শীর্ষ নেতারা কখনোই ক্ষমা চাননি, বরং তারা বলে এসেছেন, তাদের সেই অবস্থান ‘সঠিক’ ছিল। যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের বিভিন্ন মামলার বিচারেও মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সংশ্লিষ্টতার তথ্য উঠে এসেছে। যুদ্ধাপরাধের চলমান বিচারে এ পর্যন্ত সাজাপ্রাপ্ত ও অভিযুক্ত বেশিরভাগ যুদ্ধাপরাধীই জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত।

বাংলাদেশের রাজনীতিতে জামায়াতকে পুনর্বাসিত করা জিয়াউর রহমানের দল বিএনপি ১৯৯৯ সাল থেকে স্বাধীনতার বিরোধিতাকারী এই দলটিসহ কয়েকটি দলকে সঙ্গে নিয়ে জোটের রাজনীতি শুরু করে। যুদ্ধাপরাধের বিচার শুরুর পর তরুণ প্রজন্মসহ বিভিন্ন ব্যক্তি ও সংগঠন জোট থেকে জামায়াতকে বাদ দিতে আহ্বান জানালেও বর্তমান ২০ দলীয় জোটের নেতৃত্ব দেওয়া দল বিএনপি সেটি করেনি।

ইতোমধ্যে নির্বাচন কমিশনে নিবন্ধন বাতিল হওয়ায় বাংলাদেশে যে কোনো ধরনের নির্বাচনে অংশ নেওয়ায় অযোগ্য হয়েছে জামায়াত।

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী তরুণ লীগ এ আলোচনা সভার আয়োজন করে।

এতে আওয়ামী লীগ নেতা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, “খালেদা জিয়া ৫ জানুয়ারি থেকে শিক্ষা নিয়ে পৌর নির্বাচনে অংশ নিয়েছিলেন। কিন্তু জনগণ ভোটের মাধ্যমে আগুন-সন্ত্রাসী খালেদা জিয়াকে ‍উপযুক্ত শিক্ষা দিয়েছে। আগামী নির্বাচনগুলোতে অংশ নিলে অবস্থা আরও ভয়াবহ হবে।”

জাতির কাছে ক্ষমা চেয়ে ২০১৯ সালের নির্বাচনে অংশ নেওয়া খালেদা জিয়ার 'একমাত্র পথ' বলে মন্তব্য করেন তিনি।

এ সময় 'খালেদা জিয়ার আগুন সন্ত্রাসীদের' মোকাবেলা করতে তরুণ লীগকে আরও শক্তিশালী হওয়ার আহ্বান জানান ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতা মায়া।

সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, প্রচার সম্পাদক আব্দুল হক সবুজ, সংসদ সদস্য সানজিদা খানমসহ অন্যরা উপস্থিত ছিলেন।