ছাত্রসমাজ নেতাকে ‘শ্বাসরোধে হত্যার পর গুলি’
এইচ এম এরশাদের দলের সমর্থক ছাত্র সংগঠনের সাবেক এক সভাপতির লাশ ঢাকার মিরপুরে পাওয়া গেছে।
রোববার রূপনগরের বকুলতলা বেড়িবাঁধের পাশে পাশে ইস্টার্ন হাউজিংয়ের একটি খালি প্লটে সৈয়দ মিজানুর রহমান হিমুর (৩৫) লাশ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।
তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানালেও ময়নাতদন্তের পর তার মাথায় একটি বুলেটও পাওয়া গেছে।
সকালে লাশ উদ্ধারের পর রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) মতলুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হিমুর মাথায় আঘাতের চিহ্ন রয়েছে, গলায় দাগ ও পাশে কিছু তার পাওয়া গেছে। তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি আমরা।”
পুলিশ লাশ মর্গে পাঠালে সেখানে তার ময়নাতদন্ত করেন ঢাকা মেডিকেল কলেজের প্রভাষক প্রদীপ বিশ্বাস।
এই চিকিৎসক বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিমুর মাথায় ভেতরে মগজে একটি গুলি পাওয়া গেছে। তবে শ্বাসরোধেই তাকে হত্যা করা হয়।
বিষয়টি ব্যাখ্যা জানতে চাইলে তিনি বলেন, “প্রথম মাথায় গুলি করা হলে ভেতরে যে ধরনের রক্তক্ষরণ হওয়ার কথা ছিল সেরকম হয়নি। তার মানে তাকে শ্বাসরোধে হত্যার পর মৃত্যু নিশ্চিত হওয়ার জন্য মাথায় গুলি করা হয়।”
কী কারণে হিমুকে হত্যা করা হয়েছে, সে বিষয়ে কিছু জানাতে পারেনি পুলিশ। তার স্বজনরাও কিছু বলতে পারেনি।
হিমুকে অন্য কোথাও হত্যা করে দুর্বৃত্তরা রূপনগরে লাশ ফেলে গেছে বলে পুলিশের ধারণা।
হিমুর বাসা পুরান ঢাকার ওয়ারি এলাকায়। স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, প্রথম স্ত্রীর সঙ্গে ছয় মাস আগে বিচ্ছেদের পর আরেকটি বিয়ে করেন হিমু। দ্বিতীয় স্ত্রী বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন।
ভাই সৈয়দ আনিসুর রহমান চয়ন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শনিবার সন্ধ্যায় হিমু ওয়ারির লালমনি স্ট্রিটের বাসা থেকে বের হন। তারপর আর ফেরেননি।
হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোনো সন্দেহ আছে কি না- জানতে চাইলে তিনি বলেন, “আমি কিছু বলতে পারব না। যা বলার, বড় ভাইয়েরা বলবে।”
আট ভাই, তিন বোনের মধ্যে হিমু পঞ্চম। তাদের বাড়ি মুন্সীগঞ্জের সিরাজদিখানে।
হিমু ২০১২-২০১৩ মেয়াদে জাতীয় ছাত্রসমাজের কেন্দ্রীয় কমিটির সভাপতি ছিলেন। এর আগে ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক।
এরপর পদে না থাকলেও পুরান ঢাকায় জাতীয় পার্টির অন্যতম সংগঠক ছিলেন হিমু।
৫ জানুয়ারি নির্বাচনকে কেন্দ্র করে দলে মতবিরোধ দেখা দিলে হিমু পার্টি চেয়ারম্যান এরশাদের পক্ষ নিয়ে নির্বাচনবিরোধী অবস্থানে গিয়েছিলেন।
