২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাকশালও হয়েছিল উন্নয়নের নামে: ফখরুল

আগে উন্নয়ন তারপর গণতন্ত্র- এ ইচ্ছা পূরণে ১৯৭৫ সালেও তৎকালীন আওয়ামী লীগ সরকার ‘বাকশাল’ কায়েম করেছিল বলে দাবি করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2016, 08:00 PM

Updated : 20 Aug 2022, 11:33 AM

সোমবার বিকালে রাজধানীতে এক আলোচনা সভায় ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে তিনি বলেন, “আমাদের যারা রাষ্ট্র চালাচ্ছেন, তারা বলেন, আগে উন্নয়ন তারপর গণতন্ত্র।

“সেই পুরনো ইচ্ছা- ১৯৭৫ সালে এই ইচ্ছাকে পূরণ করবার জন্য তৎকালীন আওয়ামী লীগ সরকার একদলীয় শাসন ব্যবস্থা- বাকশাল কায়েম করেছিল।”

নয়া পল্টনে মহানগর বিএনপি কার্যালয় জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে ‘কলঙ্কিত ১/১১ : সংবিধান ও গণতন্ত্রের দুঃসময়ের কাল’ শীর্ষক এ সভা হয়।

২০০৬ সালের শেষে দিকে বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের মেয়াদ ফুরোনোর পর রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নিলে নির্বাচন বয়কটের ঘোষণা দেয় আওয়ামী লীগ।

দুই প্রধান রাজনৈতিক দলের সহিংস অবস্থানের মধ্যে সেনা হস্তক্ষেপে ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারি করেন ইয়াজউদ্দিন। ফখরুদ্দীন আহমদের নেতৃত্বে নতুন তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়।

এরপর দুই বছর ক্ষমতায় ছিল সেনা নিয়ন্ত্রিত ওই সরকার। রাজনৈতিক দল ভাঙার নানা চেষ্টার মধ্যে দুই প্রধান নেত্রী শেখ হাসিনা ও খালেদা জিয়াকে বন্দি করা হয়।

আট বছর পর এই দিনটি নিয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগসহ অধিকাংশ রাজনৈতিক দলের কোনো কর্মসূচি দেখা যায়নি।

১/১১ কে ভয়াবহ দিন অভিহিত করে সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “সেইদিন কিছু স্বার্থান্বেষী মানুষকে নিয়ে সেনাবাহিনীর একটি অংশ অভ্যুত্থান ঘটিয়ে ক্ষমতা দখল করেছিল।

"দুঃখের ও আশঙ্কার ব্যাপার এই যে ওই ১/১১ এর সেই শাসন ব্যবস্থাকে আমাদের রাজনীতিবিদরা পরে বৈধতা দিয়েছে। বিচার বিভাগও বৈধতা দিয়েছে।”

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান এমপি-মন্ত্রী না হলেও ১/১১ এর পর তাকে সবচেয়ে বেশি পঙ্গু করে হয় এবং খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো রাজনীতি না করেও তার শিকার হয়ে অকালে মারা গেছেন বলে অভিযোগ করেন দলটির মুখপাত্র।

তিনি বলেন, এছাড়া বিএনপির শত শত কর্মী প্রাণ দিয়েছে, গুলি খেয়েছে, নির্যাতিত হয়েছে, গুম হয়েছে এবং অনেকে পঙ্গু হয়ে গেছে। এতো রক্তস্রোত বৃথা যেতে পারে না।

এসময় ১/১১ উপলক্ষে নেতাকর্মীদের ‘সঠিক পদক্ষেপের মাধ্যমে’ নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে বাধ্য করার শপথ নেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “আজকে আমাদের ছোট ঘরে আলোচনা করতে হয়। টেলিফোন করে-চিঠি লিখে অনুমতি নিয়ে সভা করতে হয়। ”

“আমরা অফিসের সামনে অথবা সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইলে বলে অনুমতি লাগবে। এমন গণতন্ত্র আনলেন যে অনুমতি নিয়ে সভা-সমাবেশ করতে হয়।”

নেতাকর্মীদের চিন্তা-ভাবনা ও কর্মকাণ্ডে পরিবর্তন আনার তাগিদ দিয়ে তিনি বলেন, “আমাদের কর্মসূচির মধ্যেও পরিবর্তন আনতে হবে। প্রযুক্তির যে অভাবনীয় পরিবর্তন এসেছে, এই যে ছোট একটা মোবাইল ফোন এর মধ্যেই সব কিছু আছে।

“সুতরাং এই প্রযুক্তিকে আপনাদের ব্যবহার করতে হবে। এর মধ্য দিয়ে আমাদের গণতন্ত্রের কথা, বাক স্বাধীনতার কথা, মানুষের অধিকারের কথা ছড়িয়ে দিতে হবে।”

সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “উন্নয়ন কাকে বলে। উন্নয়ন কি শুধু ব্রিজ তৈরি করা- তা নয়। উন্নয়ন হচ্ছে মানুষের ভাগ্যের পরিবর্তন, জীবনযাত্রার মানের উন্নয়ন। মানুষ যখন স্বাধীনভাবে কথা বলতে পারবে, মুক্ত চিন্তা করতে পারবে- সেটাকে বলি আমরা উন্নয়ন।”

বেসরকারি গবেষণা সংস্থা ‘সিপিডি বলেছে, দেশে বিনিয়োগ নেই- একথা উল্লেখ করে তিনি বলেন, “বিনিয়োগ না থাকলে উন্নয়ন কোত্থেকে হবে? উৎপাদন নেই, কর্মসংস্থান নেই।

“কৃষকরা বলেছেন, তারা তাদের ধানের দাম পাচ্ছেন না। তাহলে উন্নয়ন কোথায়? উন্নয়ন তাদের হয়েছে, যারা মোটা-তাজা হয়েছেন।”

ছাত্রদল সহসভাপতি এজমল হোসেন পাইলটের সভাপতিত্বে সভায় অন্যদের বিএনপির যুব বিষয়ক সম্পাদক সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা বক্তব্য রাখেন।