খালেদা-গয়েশ্বরের বিরুদ্ধে আদালতে মানহানির অভিযোগ
মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধুর অবদান ও শহীদের সংখ্যা নিয়ে মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া এবং দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের বিরুদ্ধে মানহানির অভিযোগ আনা হয়েছে আদালতে।
জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এই অভিযোগ দায়ের করেন।
মহানগর হাকিম আমিনুল হকের আদালতে এ বিষয়ে শুনানি হয়েছে।
শুনানি শেষে বিচারক ৭ ফেব্রুয়ারির মধ্যে ঘটনার তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য শাহবাগ থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।
গত ২১ ডিসেম্বর রাজধানীর রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় খালেদা মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা নিয়ে সংশয় প্রকাশ করে বলেন, “আজকে বলা হয়, এতো লক্ষ লোক শহীদ হয়েছেন। এটা নিয়েও অনেক বিতর্ক আছে যে আসলে কত লক্ষ লোক মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন। নানা বই-কিতাবে নানারকম তথ্য আছে।”
এরপর ২৫ ডিসেম্বর খালেদার ওই বক্তব্যে সমর্থন জানিয়ে মুক্তিযুদ্ধে শহীদের সংখ্যা জরিপ করে দেখতে বলেন বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়। একাত্তরে শহীদ বুদ্ধিজীবীরা ‘নির্বোধের মতো মরেছে’ বলেও মন্তব্য করেন তিনি।
তাদের এই বক্তব্যের পর তীব্র প্রতিক্রিয়া হয়। বক্তব্য প্রত্যাহার করে খালেদাকে ক্ষমা চাওয়ার আহ্বান জানায় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি। এক আইনজীবী উকিল নোটিস পাঠিয়ে বক্তব্য প্রত্যাহার করে নিতে বলেন এবং খালেদার নামে আদালতে দুটি মামলাও করা হয়।
