২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদাকে ‘হঠকারী পথ’ ছাড়ার আহ্বান সুরঞ্জিতের

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে রাজনীতির ‘হঠকারী পথ’ ছেড়ে ‘নিয়মতান্ত্রিক পথে’ আসার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jan 2016, 06:00 PM

Updated : 20 Aug 2022, 11:28 AM

শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় তিনি বলেন, “হঠকারী রাজনীতি পরিহার করে নিয়মতান্ত্রিক রাজনীতির পথে আসলে বিএনপিরই লাভ হবে। এতে দেশ যেমন উন্নয়নের পথে এগিয়ে যাবে, তেমনি বিএনপি সংগঠিত হয়ে একটি শক্তিশালী রাজনৈতিক দল হিসেবে প্রতিষ্ঠিত হবে।

“তাই খালেদা জিয়াকে আমি আহ্বান জানাই, হঠকারী রাজনীতির পথ পরিহার করে নিয়মতান্ত্রিক পথে রাজনীতি করুন।”

ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ‘নৌকা সমর্থক গোষ্ঠী’ নামে একটি সংগঠন ‘চলমান রাজনীতি’ বিষয়ক এ সভার আয়োজন করে।

আইন, বিচার ও সংসদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত বলেন, “খালেদা জিয়া সরকারের পতন করতে গিয়ে নিজের দলেরই পতন করে ফেলেছেন। সদ্যসমাপ্ত পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের ভোট বেড়েছে, আর বিএনপির ভোট কমেছে- এটাই এর প্রমাণ।”

‘কিছু ত্রুটি-বিচ্যুতি’ থাকলেও সদ্যসমাপ্ত পৌর নির্বাচন অতীতের যে কোনো স্থানীয় নির্বাচনের চেয়ে বেশি গ্রহণযোগ্য হয়েছে দাবি করে আওয়ামী লীগের এই নেতা বলেন, “এ নির্বাচন শেষ হয়েছে। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচন। সে নির্বাচন আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।”

নির্বাচন ছাড়া ক্ষমতা পরিবর্তনের কোনো পথ নেই উল্লেখ করে খালেদা জিয়ার উদ্দেশে তিনি বলেন, “আপনি দল সংগঠিত করে নির্বাচনের পথে আসুন। অন্য কোনো পথে নয়।”

সংগঠনের উপদেষ্টা এমদাদুল হক সেলিমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক ইস্কান্দর মির্জা শামীম, কৃষক লীগ নেতা নাজির মিয়া, সাম্যবাদী দলের কেন্দ্রীয় নেতা হারুন চৌধুরী প্রমুখ।