তাণ্ডবের ফল পৌরভোটে পেয়েছে বিএনপি: আ. লীগ
গত বছরের শুরুতে তিন মাসের নাশকতার আন্দোলনে প্রাণহানি আর ধ্বংসের জবাবই পৌর নির্বাচনে বিএনপি পেয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।
সম্প্রতি অনুষ্ঠিত পৌর নির্বাচনে ব্যাপক জালিয়াতি হয়েছে বলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অভিযোগের প্রতিক্রিয়ায় শনিবার এক সংবাদ সম্মেলনে এই মন্তব্য করেন তিনি।
হাছান মাহমুদ বলেন, “২০১৩-১৪ সালে খালেদা জিয়ার নেতৃত্বে জ্বালাও-পোড়াও, তাণ্ডবের রাজনীতির কারণে বিএনপির নেতা-কর্মীরাই মুখ ফিরিয়ে নিয়েছে। দল থেকে অনেক দূরে সরে গেছে।”
দশম সংসদ নির্বাচন বয়কটকারী বিএনপি ২০১৫ সালের শুরুতে আওয়ামী লীগ সরকারকে হটাতে লাগাতার অবরোধ ডেকেছিল। তিন মাসের ওই কর্মসূচিতে নাশকতায় শতাধিক মানুষ মারা যান।
আওয়ামী লীগকে ‘ডাইনি, বাঘিনী, রক্তপিপাসু’ আখ্যায়িত করে খালেদার বক্তব্যের প্রতিক্রিয়ায় হাছান বলেন, “বিএনপি নেত্রী খালেদা জিয়া গতকাল শুধু মিথ্যাচারই করেছেন, তা নয়, আপত্তিকর বক্তব্যও দিয়েছেন।
“প্রকৃতপক্ষে ডাইনি, রক্তপিপাসু ও হায়েনা- এই কথাগুলো বেগম খালেদা জিয়ার ক্ষেত্রেই প্রযোজ্য। তার হাতে শুধু পোড়া মানুষের গন্ধই না, রক্তের দাগ লেগে আছে।”
হাছান মাহমুদ (ফাইল ছবি)
আওয়ামী লীগ নেতা হাছান বলেন, “জিয়াউর রহমান যখন ক্ষমতায় ছিলেন, তখন নির্বাচন বলতে ‘১০টি হুন্ডা ২০টি গুণ্ডা নির্বাচন ঠাণ্ডা’। বেগম খালেদা জিয়া সম্ভবত সেই ধরনের নির্বাচন চেয়েছিলেন।
“ছিয়ানব্বই সালে উনি (খালেদা জিয়া) যে নির্বাচন দিয়েছিলেন, তিনি তার বক্তব্যে সেই ধরনের নির্বাচনের ইঙ্গিত দিয়েছেন। তিনি আসলে ছিয়ানব্বই মার্কা নির্বাচন চেয়েছিলেন।”
শিগগিরই বাংলাদেশের সরকার পরিবর্তন হবে বলার মধ্য দিয়ে খালেদা জিয়ার অসাংবিধানিক প্রক্রিয়ায় ক্ষমতা দখলকে ইঙ্গিত করেছেন বলে হাছান মন্তব্য করেন।
“তিনি প্রমাণ করেছেন- তিনি এখনও ভিতরে ভিতরে ষড়যন্ত্রে লিপ্ত আছেন। উনি অগণতান্ত্রিক পদ্ধতিতে সরকার উৎখাতের চেষ্টায় লিপ্ত, সেটি তার বক্তব্যে স্পষ্ট হয়েছে।”
২০১৯ সালের আগে বাংলাদেশে আর জাতীয় নির্বাচন হবে না বলেও বিএনপিকে স্মরণ করিয়ে দেন ক্ষমতাসীন দলের এই নেতা।
ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এই সংবাদ সম্মেলনে দলের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক ফরিদুনাহার লাইলীও ছিলেন।
