২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হাসিনা-রকিব মার্কা নির্বাচন মানি না: খালেদা

সরকার আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের ‘ব্যবহার করে’ পৌর নির্বাচনে জনগণের ভোট ‘ছিনতাই’ করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2016, 10:16 PM

Updated : 11 Oct 2022, 07:30 PM

শুক্রবার সন্ধ্যায় রাজধানীতে ছাত্রদলের এক সমাবেশে তিনি বলেন, “হাসিনা ও রকিব মার্কা নির্বাচন আমরা প্রত্যাখ্যান করেছি। দেশের জনগণ মানে না। কোনো দলও মানছে না। খালি যারা চুরি করে জিতে এসেছে, তারাই বেশি করে ঢোল পিটাচ্ছে।”

সাত বছর পর ভোটের মাঠে আওয়ামী লীগের নৌকার সঙ্গে সরাসরি লড়াইয়ে ভরাডুবি হয়েছে বিএনপির ধানের শীষের। বেসরকারিভাবে প্রকাশিত ২২৭টি মেয়র পদের মধ্যে আওয়ামী লীগের ১৭৭টির বিপরীতে বিএনপির প্রার্থীরা জয়ী হয়েছেন ২২টি পৌরসভায়।

আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনের দাবি করলেও দশম সংসদ নির্বাচন বর্জন করা বিএনপি স্থানীয় সরকারের এই ভোটে ‘ব্যাপক জালিয়াতির’ অভিযোগ এনেছে।

“আমরা বলতে চাই- ভোট চুরি ও ছিনতাই করে, ডাকাতি করে- এতো কিছু করেও যত মেয়র পদ নিয়ে যান না কেন, আনন্দিত হওয়ার কিছু নেই, তৃপ্তি পাওয়ার কিছু নেই,” বলেন খালেদা।

তার অভিযোগ, ক্ষমতাসীন আওয়ামী লীগ আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তাদের ‘দলীয় কর্মীর মতো’ ব্যবহার করেছে।

“তারা (সরকার) ভালো করেই জানে এর পেছনে কারা। কারা আপনাদের সাহায্য করেছে, ব্যালট পেপারে সিল মেরেছে। আইনশৃঙ্খলা বাহিনীকে পর্যন্ত আপনারা নষ্ট করেছেন। আইনশৃঙ্খলা বাহিনী ও প্রিজাইডিং অফিসারদের দলীয় কর্মীর মতো ব্যবহার করে তাদের সুনাম নষ্ট করেছেন।”

‘চাকরি যাওয়ার ভয়ে’ আইনশৃঙ্খলা বাহিনীসহ প্রশাসনের কর্মকর্তাদের ‘বাধ্য হয়ে অসহায়ের মতো’ কাজ করতে হয়েছে বলেও মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসন।  

রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয়তাবাদী ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ছাত্র সমাবেশের আয়োজন করা হয়। মিলনায়তনের বাইরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধন করেন খালেদা জিয়া।

মিলনায়তনের ভেতরে জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবির পাশাপাশি দলের নিখোঁজ সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী, কারাগারে মারা যাওয়া নাসিরউদ্দিন আহমেদ পিন্টু ও কারাবন্দি ছাত্রদলের সভাপতি রাজিব আহসানের ছবি সম্বলিত ব্যানার টানানো হয়।

কারাবন্দি ছাত্রদল সভাপতি রাজিবের লেখা একটি ‘খোলা চিঠি’ অনুষ্ঠানে পড়ে শোনান সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার পেশ করেন সাংগঠনিক প্রতিবেদন।

৫০ মিনিটের বক্তব্যে খালেদা জিয়া দেশের রাজনৈতিক পরিস্থিতি, ‘সরকারের অপশাসন ও দুর্নীতি’ এবং শিক্ষাঙ্গনের  অবস্থা তুলে ধরেন।

‘ডাইনি, বাঘিনী, রক্তপিপাসু’

দেশের বর্তমান পরিস্থিতি ‘সঙ্কটজনক’ আখ্যায়িত করে খালেদা বলেন, “দেশে আজ গণতন্ত্র নির্বাসিত। অর্থনীতির ভয়াবহ অবস্থা। ব্যাংকগুলো ফোকলা করে দিয়েছে। গ্রামে-গঞ্জে হাহাকার বিরাজ করছে। প্রতিনিয়ত ঢাকা শহরের অভিমুখে মানুষ ছুটছে।”

কারও নাম উল্লেখ না করে বিএনপি নেত্রী বলেন, “দেশে এখন এমন এক অবস্থা হয়েছে, আমি বলব, গণতন্ত্র তো না-ই, স্বৈরশাসনও না। এখন হয়েছে রাজতন্ত্র। এক ব্যক্তির ইচ্ছাই সব। তাকে সালামী দিয়ে তার ইচ্ছা পূরণ করতে হবে।”

আওয়ামী লীগের সমালোচনায় খালেদা জিয়া বলেন, ‍“আন্দোলন- সংগ্রাম করতে গিয়ে আমরা বহু ছাত্র ও যুব নেতাকে হারিয়েছি। এই আওয়ামী সন্ত্রাসীরা-এরা স্বৈরাচার নয়, ডাইনি, বাঘিনী, রক্তপিপাসু।”

এক পর্যায়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করেও একই কথা বলেন বিএনপি চেয়ারপারসন।

“রক্তের প্রতি তার নেশা হয়ে গেছে। রক্ত পিপাসু হয়ে গেছে।... রক্ত দেখলে আনন্দ পান।”

ছাত্রদলের নেতাকর্মীদের খালেদা বলেন, “আপনারা কী ‘আমার ফাঁসি চাই’ বইটি পড়েননি? পড়নি তোমরা? না পড়লে পড়বা। তারই ঘনিষ্ঠ সহকর্মীর লেখা বই। তার সব চরিত্রগুলো ফুটিয়ে তুলেছে। বইতে লিখেছে- কেউ মারা গেলে তিনি নাকি আনন্দ করে বেশি ভাত খায়। কী অদ্ভুত শোনায়?”

খালেদা বলেন, “কেউ মারা গেলে আমরা কষ্ট পাই, খেতেও খারাপ লাগে। আর উনি বেশি ভাত খান। কাজেই বুঝতে হবে- ডাইনি, রক্তপিপাসু, নরপিশাচ হয়ে জন্মেছেন উনি। এদের হাত থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা আমাদের অনেক সন্তানদের হারিয়েছি।”

দলের সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলীর ‘গুম হওয়া’ এবং কারাগারে বন্দি অবস্থায় ‘বিনা চিকিৎসায়’ নাসির উদ্দিন আহমেদ পিন্টুর মৃত্যুর ঘটনা তুলে খালেদা জিয়া বলেন, “এতো মানুষের-বোন ও ভাইয়ের চোখের পানি কখনো বৃথা যায়নি, যাবে না। তাহলে মুক্তিযুদ্ধও হতো না। মুক্তিযুদ্ধে বিজয়ী হতাম না। এতো রক্ত দিয়েছি বলেই তো আল্লাহতালা আমাদের বিজয় দিয়েছে।”

আগামীতে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের আশাও প্রকাশ করেন বিএনপি প্রধান।

“আমি বলতে চাই, আগামীতে নির্বাচন হবে। নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন হবে, যাতে দেশের মানুষ তাদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা পূরণে ঠিক জায়গায় ভোট দেবে।”

ছাত্রদলের সভাপতি রাজিব আহসানসহ সংগঠনটির আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান বিএনপি চেয়ারপারসন।

ছাত্রদলের সাধারণ সম্পাদক আকরামুল হাসানের পরিচালনায় এবং ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশীদের সভাপতিত্বে ছাত্র সমাবেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা শামুজ্জামান ‍দুদু, ছাত্র বিষয়ক সম্পাদক শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি, ছাত্রদলের সাবেক নেতাদের মধ্যে ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, খায়রুল কবীর খোকন, শিরিন সুলতানা, সুলতান সালাহউদ্দিন টুকু, শফিউল বারী বাবু, আমীরুল ইসলাম খান আলীম, আবদুল কাদের ভুঁইয়াসহ ছাত্রদল নেতারা বক্তব্য রাখেন।

এছাড়া বিএনপি নেতা মওদুদ আহমদ, আবদুল মঈন খান, আবদুল্লাহ আল নোমান, সেলিমা রহমান, আবদুল মান্নান, জয়নাল আবেদীন, আহমেদ আজম খান, এজেড্এম জাহিদ হোসেন, মাহবুবউদ্দিন খোকন, জয়নুল আবদিন ফারুক, খায়রুল কবির খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, নাসিরউদ্দিন অসীম, হাবিবুর রহমান হাবিবসহ কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।