আড়াই ঘণ্টায় ৬০ কেন্দ্র দখল: বিএনপি
প্রথমবারের মতো দলীয়ভাবে পৌর ভোট শুরু হওয়ার আড়াই ঘণ্টার মধ্যে আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে বিভিন্ন পৌরসভার অন্তত ৬০টি কেন্দ্র দখলের অভিযোগ এনেছে বিএনপি।
বুধবার সকালে দলের চেয়ারপারসনের উপদেষ্টা ওসমান ফারুকের নেতৃত্বে এক প্রতিনিধিদল নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজের কাছে এ অভিযোগ করেন।
সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশন থেকে বেরিয়ে ওসমান সাংবাদিকদের বলেন, ভোলার ১৮টি এবং হবিগঞ্জ, মনোহরদী ও শ্রীপুরের বেশ কিছু কেন্দ্রসহ অন্তত ৬০টি ভোটকেন্দ্র সরকারদলীয় প্রার্থী-সমর্থকরা দখল করে নিয়েছে।
ভোট পর্যবেক্ষণ ‘সুষ্ঠুভাবে হচ্ছে না’ অভিযোগ করে তিনি বলেন, “সকাল ৮টার সময় এসেছি, অথচ একজন কমিশনার ছাড়া কেউ নেই। কেন্দ্র দখল ও এজেন্টদের বের করে দেওয়া- এসব অভিযোগ মনিটরিং করার ব্যবস্থা না থাকলে কীভাবে ভোট সুষ্ঠু হবে? কোনো অবস্থাতেই বিএনপি ভোট বর্জন করবে না।
“আমরা ভোটে এসেছি, বর্জনের জন্য নয়। বিএনপি এর শেষ দেখে ছাড়বে।”
প্রতিনিধি দলে মাসুদ তালুকদার ও এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত ছিলেন।
