অনিয়মের দিকে যাবেন না, নেতাকর্মীদের হানিফ
আওয়ামী লীগ অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ পৌর নির্বাচন চায় মন্তব্য করে এই ভোটে কোনো ধরনের অনিয়মের দিকে না যেতে নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।
বুধবার সারা দেশের ২৩৪ পৌরসভায় ভোট সামনে রেখে আগেরদিন এক সংবাদ সম্মেলনে শান্তিপূর্ণভাবে মানুষের ভোট দেওয়া নিশ্চিত করতে নির্বাচন কমিশনকে সহযোগিতা করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
পাশাপাশি বিএনপির প্রতিও ভোটের দিন ‘উত্তেজনা’ সৃষ্টি না করতে আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ।
বিকালে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা চাই না এ নির্বাচনে কোনো অনিয়ম কিংবা ত্রুটি করে নির্বাচনকে বিতর্কিত করা হোক। কারণ আপনারা লক্ষ করেছেন, দেশের যে প্রধান বিরোধী দল- বিএনপি নির্বাচনকে বিতর্কিত করার চেষ্টা করছে।”
নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, “আগামীকালের পৌরসভা নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং সকলে যেন শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারেন এজন্য নির্বাচন কমিশনকে সহায়তা করবেন।”
উন্নয়ন অব্যাহত রাখতে নৌকা প্রতীকে ভোট দিতে জনগণের প্রতি আহ্বান জানিয়ে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, “জননেত্রী শেখ হাসিনার মার্কা, আস্থার মার্কা, উন্নয়নের প্রতীক, এদেশের স্বাধীনতার প্রতীক নৌকা মার্কায় ভোট দিয়ে প্রমাণ করতে হবে জনগণ উন্নয়ন, অগ্রগতি চায়। ৩০ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতাকে সমুন্নত রাখতে চায়। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় ঐক্যবদ্ধ আছে। আর সেই চাওয়া প্রতিপালন হিসাবে আগামীকাল সবাই নৌকা প্রতীকে ভোট দিবে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে উন্নয়নের অগ্রযাত্রা চলছে মন্তব্য করে এই আওয়ামী লীগ নেতা বলেন, “বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপি রাষ্ট্রক্ষমতায় থাকতে দেশে সন্ত্রাস, দুর্নীতি এবং বর্তমানে বিরোধী দলের থাকাকালে হত্যা, খুন নাশকতার কর্মকাণ্ড চলছে।”
এসব বিষয় বিবেচনায় নিয়ে নৌকা না ধানের শীষ- সেই সিদ্ধান্ত ভোটারদের নিতে হবে বলে মন্তব্য করেন মাহবুব-উল আলম হানিফ।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এখন ‘বাকসন্ত্রাসীতে’ পরিণত হয়েছেন মন্তব্য করে তিনি বলেন, “এজন্য জনগণের কাছে আবেদন করার কিছু নেই তার। মিথ্যাচার করে প্রশাসনকে হুমকি-ধমকি দিয়ে নিজের অনুকূলে আনার চেষ্টা করছেন। গতকালও তার বক্তব্যে প্রশাসনকে একাধিকবার হুমকি দিয়ে ভয়-ভীতি ছড়ানোর চেষ্টা করা হয়েছে।
“তাই জনগণের কাছে আমাদের দাবি- এই বাকসন্ত্রাসীর নেতৃত্বে বিএনপি যে নাশকতা করছে তার বিরুদ্ধে আগামীকাল ভোট দিয়ে প্রমাণ করতে হবে, বাংলাদেশের জনগণ এই সন্ত্রাসী কর্মকাণ্ডকে পছন্দ করছে না।”
উৎসবমুখর পরিবেশে ভোট দিয়ে জনগণ নৌকা প্রতীকের প্রার্থীদের জয়ী করবে বলে আশা প্রকাশ করেন ক্ষমতাসীন দলের নেতা হানিফ।
সুষ্ঠুভাবে ভোট অনুষ্ঠানের জন্য বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা প্রত্যাশা করে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্ধৃত করে তিনি বলেন, “বিএনপির নেতাকর্মীদের অনুরোধ জানাচ্ছি-অহেতুক উত্তেজনা সৃষ্টি করে নির্বাচনের পরিবেশ বিঘ্নিত করবেন না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখুন।”
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, খালিদ মাহমুদ চৌধুরী, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, আব্দুল মান্নান খান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ভূইয়া ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য এনামুল হক শামীম, সুজিত রায় নন্দী, যুবলীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ উপস্থিত ছিলেন।
