ভিন্নমতের নেতাদের ‘আন্তঃসম্পর্ক’ চান তোফায়েল
স্বাধীনতা বিরোধীরা রাজনৈতিক অঙ্গনে থাকায় অন্যান্য দলের নেতাকর্মীদের মাঝে ব্যক্তিগত ও পারিবারিক সম্পর্কে এর প্রভাব পড়ছে বলে মনে করেন বাণিজমন্ত্রী তোফায়েল আহমেদ।
মঙ্গলবার বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের আয়োজনে সংলাপে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন।
সংলাপে বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতির বিষয়ে জানতে চাইলে তোফায়েল বলেন, “এরকম তো ছিল না। রাজনৈতিক সচিব হিসাবে আমি বঙ্গবন্ধুর সাথে ছিলাম। বিরোধীদেরও বঙ্গবন্ধু সম্মান করতেন। আসার পর তাদেরকে বুকে টেনে নিতেন।
“কিন্তু বঙ্গবন্ধুকে হত্যা করার পর সামরিক স্বৈরশাসকরা রাজনীতিকে ধ্বংস করেছে।”
দলীয় পরিচয়ের বাইরে ব্যক্তিগত সম্পর্কগুলো এখন ক্ষতিগ্রস্ত- মন্তব্য করে তিনি বলেন, “এখন এক দলের কেউ মারা গেলে আরেক দল যেতে চায় না। বিএনপি নেতার সাথে আওয়ামী লীগের মেয়ের বিয়ে হলে এটা পছন্দ হয় না। এটার সমালোচনাও হয়। এটা খারাপ দৃষ্টান্ত, আমি এটার বিরোধী।”
স্বাধীনতা বিরোধীরা রাজনৈতিক অঙ্গনে থাকায় তাদের প্রতি ঘৃণা অন্যান্য ক্ষেত্রেও ছড়িয়ে পড়ছে বলে মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
তোফায়েল বলেন, “জিয়া ক্ষমতায় রাজনৈতিক দলগুলোকে কেনার চেষ্টা করেন। রাজনৈতিক ব্যক্তিদের কেনার চেষ্টা করে। যারা তার বিরোধিতা করত, জোর করে তাদেরকে নির্বাচনে হারিয়ে দিত।
“যারা তার সাথে সম্পর্ক রাখত, তাদেরকে বাড়িয়ে দিত- সে বিএনপিরই হোক, আর অন্য দলের হোক। এই সংস্কৃতি সেখান থেকে শুরু হয়ে আসছে।”
তবে ধীরে ধীরে এটা স্বাভাবিক হয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তোফায়েল।
