২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদ্রোহী আরও ৫ নেতাকে বহিষ্কার করল বিএনপি

পৌর নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ার অভিযোগে আরও পাঁচজন নেতাকে বহিষ্কার এবং দুইজনকে কারণ দর্শানোর নোটিস দিয়েছে বিএনপি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 09:11 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

শনিবার সন্ধ্যায় দলীয় প্যাডে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃত পাঁচজন হলেন- বিএনপির নড়াইল জেলার যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলী হাসান ও পৌর কমিটির সাবেক সাধারণ সম্পাদক রেজাউল কবির, সাতক্ষীরা জেলা নির্বাহী কমিটির সদস্য নাসিম ফারুক খান মিঠু এবং বান্দরবান জেলা শাখার ক্রীড়া বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম ও যুব বিষয়ক সম্পাদক মসিউর রহমান মিটন।

এ নিয়ে গত দুই সপ্তাহে বিএনপির মাঠ পর্যায়ের ১৫ জন নেতাকে বহিষ্কার করা হলো।

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকায় এই পাঁচজনকে বিএনপির সব পদ থেকে বহিষ্কার ও বাকি দুজনকে কারণ দর্শানোর নোটিস দেওয়া হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

তবে নাম প্রকাশ না করার শর্তে দলের কয়েকজন নেতা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেছেন, তারা পৌরসভা নির্বাচনে দল মনোনীত প্রার্থীদের বাইরে নির্বাচনী কর্মকাণ্ডে জড়িত হয়েছে বলে বিদ্রোহী হিসেবে তাদের বহিষ্কার করা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে দলের বান্দরবান জেলার সহসভাপতি আবদুল কুদ্দুস এবং পৌর সভাপতি নাসির চৌধুরীকে 'দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থ বিরোধী তৎপরতায় লিপ্ত' থাকায় কেন তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে বলা হয়েছে।

আর আগে চট্টগ্রামের চান্দনাইশ, নারায়ণগঞ্জের তারাবো, রাজশাহীর চারঘাট, আড়ানি, নওহাটা, তানোর, টাঙ্গাইলের সখীপুর, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ, যশোরের বাধারপাড়ায় মোট ১০ জন নেতাকে বহিষ্কার করে বিএনপি।

আগামী ৩০ ডিসেম্বর ২৩৪ পৌরসভায় ভোট হওয়ার কথা রয়েছে। এর মধ্যে চট্টগ্রামের চন্দনাইশ পৌরসভা এবং কুষ্টিয়ার ভেড়ামারা পৌরসভায় মেয়র পদে দুই শরিক এলডিপি ও জাতীয় পার্টির (কাজী জাফর) প্রার্থীদের সমর্থন দিয়েছে বিএনপি। এলডিপির প্রার্থী দলীয় প্রতীক ছাতা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করলেও ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন জাতীয় পার্টির (কাজী জাফর) প্রার্থী।