২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসিকে ‘ছি ছি’ করছে মানুষ: রিজভী

পৌরসভা নির্বাচনে নির্বাচন কমিশনের ভূমিকায় জনগণ অসন্তুষ্ট বলে দাবি করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Dec 2015, 03:02 PM

Updated : 22 Aug 2022, 02:21 PM

ইসি বিএনপিকে ‘বাড়তি সুবিধা’ দিচ্ছে বলে ক্ষমতাসীন আওয়ামী লীগের অভিযোগকেও ‘তামাশা’ বলেছেন তিনি।

৩০ ডিসেম্বর অনুষ্ঠেয় পৌরসভা নির্বাচনের আগে বৃহস্পতিবার আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ ইসিতে গিয়ে বিএনপিকে ‘বাড়তি সুবিধা’ দেওয়ার অভিযোগ জানিয়ে আসেন।

বিএনপি এর আগে থেকে অভিযোগ করে আসছিল, ইসি ‘আজ্ঞাবহ’ হয়ে কাজ করছে বলে ভোটে সরকারবিরোধীরা  ক্ষমতাসীনদের সমান সুবিধা পাচ্ছে না।

শনিবার নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভী বলেন, “নির্বাচন কমিশন একটি নিষ্ক্রিয় ডাকঘর অর্থাৎ পোস্ট অফিসে পরিণত হয়েছে।

“আসন্ন পৌর নির্বাচনকে কেন্দ্রে করে আচরণবিধি লঙ্ঘনসহ অসংখ্য অভিযোগ কমিশনের পাঠানো হয়, কিন্তু তারা নির্বিকার নিশ্চুপ থাকে। এই নতজানু ভূমিকার জন্য ছি ছি করছে মানুষ।”

ফেনীতে বিরোধী দলের প্রার্থীদের মনোনয়নপত্র জমা দিতে না দিয়ে ক্ষমতাসীন দল সমর্থিত প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

আওয়ামী লীগের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে রিজভী বলেন, “মাহবুব-উল-আলম হানিফ বলেছেন যে, নির্বাচন কমিশন বিএনপিকে বেশি সুবিধা দিচ্ছে।

“তার এই বক্তব্যটিকে বছরের শ্রেষ্ঠ আলোচিত তামাশামূলক বক্তব্য ছাড়া অন্য কিছু ভাবতে পারছে না মানুষ। মানুষ যেন অট্টহাসিতে ফেটে পড়ছে- কী কথা বলে! তার এই বক্তব্যে মনে হয়, ধান ক্ষেত বা ধানের গোলার নিরাপত্তাহীনতায় উদ্বিগ্ন হয়ে মুসিক বিলাপ করছে গৃহস্থের কাছে।”

প্রতিদিনই মন্ত্রী-এমপিরা নির্বাচনী বিধি লঙ্ঘন করেছেন বলে অভিযোগ জানিয়ে আসা বিএনপি পৌর নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি জানাতে এই সংবাদ সম্মেলন করে।

জামালপুরের মেলান্দহ, খাগড়াছড়ির মাটিরাঙ্গা, নোয়াখালীর চৌমুহনী, সাতক্ষীরার কলারোয়া, হবিগঞ্জ, যশোর, গাইবান্ধা, চট্টগ্রামসহ বিভিন্ন পৌর এলাকায় বিএনপির মেয়র প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া এবং নেতা-কর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়।

Image
যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী (ফাইল ছবি)

ভোটের দিন কেন্দ্র পাহারা দেওয়ার আহ্বান জানিয়ে রিজভী বলেন, “প্রশাসন ও আওয়ামী লীগের সন্ত্রাসীরা যৌথভাবে কাজ করছে। পুলিশ বিরোধী দলের প্রার্থীদের ভয়-ভীতি ও হুমকি দিচ্ছে, আর আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাণ্ডব চালাচ্ছে, যাতে সাধারণ ভোটারা ভোটকেন্দ্রে না যায়।

“আমি দলের পক্ষ থেকে দেশবাসীকে আহবান জানাতে চাই, আসন্ন পৌর নির্বাচনে বজ্জাত, খুনি, বদমাইস, দাম্ভিক, ক্ষমতাদর্পী ও দাগী অপরাধীদের অপতৎপরতা অগ্রাহ্য করে ভোট প্রদান করতে হবে। ফলাফল ঘোষণা না হওয়া পর্যন্ত ভোটকেন্দ্র পাহারা দিতে হবে।”

নড়াইলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ‘হীনউদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা’ মামলা প্রত্যাহারের দাবিও জানান রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভীর সঙ্গে ছিলেন বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় নেতা খোরশেদ আলম, আবদুস সালাম আজাদ, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু, মিলন মেহেদি।

পুরনো খবর:

বিএনপি ‘বাড়তি সুবিধা’ পাচ্ছে, অভিযোগ আ. লীগের