২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওহাটার সভাপতিসহ চারজন বিএনপি থেকে বহিষ্কৃত

পৌর নির্বাচনে দল মনোনীত প্রার্থীর বিপক্ষে অবস্থান নেওয়ায় রাজশাহীর নওহাটা পৌর কমিটির সভাপতিসহ আরও চারজনকে বহিষ্কার করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2015, 05:52 PM

Updated : 22 Aug 2022, 02:20 PM

বহিষ্কৃতরা হলেন- রাজশাহীর নওহাটা পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, তানোর পৌর বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক ফিরোজ সরকার, যশোরের বাঘারপাড়া বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের সিদ্দিকী, হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ পৌর যুবদলের সভাপতি আবদুল মজিদ।

বৃহস্পতিবার বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, “দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে তাদের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।”

দলীয় নেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে, এরা সবাই নিজ নিজ এলাকায় দল মনোনীত প্রার্থীদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বলে তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে।

এরছাড়া চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক অহিনুল ইসলাম বিশ্বাসকে কারণ দর্শানোর নোটিস পাঠানো হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের স্বার্থবিরোধী তৎপরতায় লিপ্ত থাকার কারণে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা ২৪ ঘণ্টার মধ্যে জানাতে তাকে বলা হয়েছে।

পৌর নির্বাচনের মধ্যে এর আগে গত ২২ ডিসেম্বর চট্টগ্রামের চন্দনাইশ, নারাণগঞ্জের তারাব, রাজশাহীর চারঘাট, আড়ানি, টাঙ্গাইলের সখীপুরে মোট ছয় নেতাকে বহিষ্কার করে বিএনপি। এখন বহিষ্কৃতের সংখ্যা ১০ জনে দাঁড়াল।