২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কূটনীতিকদের সঙ্গে বসেছে বিএনপি

আসন্ন পৌর ভোটের প্রচারে ‘সরকারি দলের আচরণবিধি ভঙ্গের অভিযোগ’ এবং নিজেদের ‘শঙ্কার কথা’ জানাতে ঢাকায় বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির জ্যেষ্ঠ নেতারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Dec 2015, 11:37 AM

Updated : 25 Apr 2022, 02:19 PM

বুধবার বেলা ১১টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক শুরু হয়।

বিএনপি নেতারা জানিয়েছেন, অস্ট্রেলিয়া, নেপাল, তুরস্ক, সুইডেন, জাপান,, পাকিস্তান, ভারতসহ কয়েকটি দেশ ও ইউরোপীয় ইউনিয়নের কূটনীতিকরা বৈঠকে এসেছেন।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবদুল মঈন খান, চেয়ারপারসনের তিন উপদেষ্টা রিয়াজ রহমান, সাবিহ উদ্দিন আহামেদ ও আমীর খসরু মাহমুদ চৌধুরী বৈঠকে উপস্থিত রয়েছেন।

গত সোমবার জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এক আলোচনা সভায় ‘সুষ্ঠু’ ভোটের লক্ষ্যে পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের দাবি জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

এর পক্ষে যুক্তি দিয়ে তিনি বলেন, ক্ষমতাসীনরা ধারাবাহিকভাবে নির্বাচনী আচরণবিধি ‘লঙ্ঘন করলেও’ নির্বাচন কমিশন ব্যবস্থা নিচ্ছে না। এ অবস্থায় সেনা মোতায়েন ছাড়া সুষ্ঠু ভোটের আশা করতে পারছেন না তারা।

পরদিন মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল প্রধান নির্বাচন কমিশন কাজী রকিবউদ্দীন আহমদের সঙ্গে দেখা করে পৌর ভোটে সেনা মোতায়েনের দাবি জানান।

তবে পরে প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের জানান, পৌরসভা নির্বাচনে সেনা মোতায়েনের মতো পরিস্থিতি তৈরি হয়নি।