পৌরভোট: পর্যবেক্ষণ সেল করবে বিএনপি
পৌরসভা নির্বাচন তদারকির জন্য কেন্দ্রীয় ও বিভাগীয় পর্যায়ে ‘মনিটরিং সেল’ গঠন করবে বিএনপি।
বৃহস্পতিবার রাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে দলের স্থায়ী কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়।
সভা শেষে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন তদারকিতে কেন্দ্র ও সাত বিভাগে পর্যবেক্ষণ সেল গঠন করা হবে।
তিনি বলেন, “পৌর নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই বলে স্থায়ী কমিটি মনে করছে। যেহেতু বিএনপি একটি গণতান্ত্রিক দল, গণতন্ত্রকে রক্ষা করার জন্য, গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছে, সেহেতু বিএনপি এই নির্বাচনকে সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় নির্বাচন মনিটরিং সেল গঠন করবে।
“সেই সঙ্গে প্রতিটি বিভাগে একটি করে বিভাগীয় মনিটরিং সেল গঠন করা হবে। প্রত্যেকটি জেলা ও উপজেলা কমিটিকে সুষ্ঠুভাবে নির্বাচন পরিচালনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হচ্ছে।”
এক বছরের বেশি সময় পর বৃহস্পতিবার রাত পৌনে ৯টায় খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে দলের স্থায়ী কমিটির এই বৈঠক বসে। প্রায় দেড় ঘণ্টা আলোচনা করেন বিএনপির শীর্ষ নেতারা।
পৌর নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে সারা দেশে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার করা শুরু হয়েছে বলে অভিযোগ করেন ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, “তফসিল ঘোষণার পর থেকে এ পর্যন্ত এক হাজারের বেশি নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছে। সব মিলে গত এক মাসে গ্রেপ্তার ৫ হাজারের উপরে। আমরা এই গণগ্রেপ্তারের নিন্দা জানাই।”
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, “এই গণগ্রেপ্তার বন্ধ করা না হলে এবং গ্রেপ্তার হওয়া নেতা-কর্মীদের মুক্তি দেওয়া না হলে কোনোমতেই নির্বাচনে ‘লেভেল প্লেয়িং ফিল্ড’ তৈরি হবে না এবং সুষ্ঠু নির্বাচন হবে না বলে স্থায়ী কমিটি মনে করছে।”
দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, চেয়ারপারসনের উপদেষ্টা শওকত মাহমুদ, ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টুসহ গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তির দাবি জানান তিনি।
বিভিন্ন পৌরসভায় জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাকে রিটার্নিং অফিসার নিয়োগের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, “নির্বাচন কমিশনের কর্মকর্তার সংকট না থাকলেও জনপ্রশাসনে চরম দলীয়করণ থেকে পৌর নির্বাচনে কারচুপির পরিকল্পনা নিয়ে এসব রিটার্নিং অফিসার নিয়োগ দেওয়া হয়েছে।
“আমরা দেখেছি, মনোনয়নপত্র গ্রহণ এবং যাচাই-বাছাইয়ের মধ্যে আমাদের আশঙ্কা সত্য প্রমাণিত হয়েছে। আমি গতকাল বলেছি, ক্ষমতাসীন দলের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যাওয়ার পরেও মনোনয়নপত্র গ্রহণ করা হয়েছে।”
‘অনিয়ম’ বাদ দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থে নির্বাচন কমিশনকে ‘সম্পূর্ণ নিরপেক্ষ’ ভূমিকা পালনের জন্য বিএনপির শীর্ষ নেতারা আহ্বান জানিয়েছেন।
“একইসঙ্গে নির্বাচনে নিয়োজিত আইন-শৃঙ্খলা বাহিনীকে প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার আহ্বানও জানাচ্ছে বিএনপির স্থায়ী কমিটি,” বলেন ফখরুল।
বিভিন্ন জায়গায় প্রার্থিতা প্রত্যাহারের জন্য বিএনপির প্রার্থীদের ভয় দেখানো ও তাদের ওপর চাপ প্রয়োগ করা হচ্ছে বলে অভিযোগ করেন মির্জা ফখরুল।
তিনি বলেন, “ফেনীতে আমাদের দলের সভাপতি অ্যাডভোকেট আবু তাহেরের বাড়ি ভাংচুর ও ঘরে তালা লাগিয়ে তার বাবা-মাকে বের করে দিয়েছে। এরকম ঘটনা অনেক জায়গায় ঘটেছে।
“এছাড়া আচরণবিধিতে নিষেধাজ্ঞা থাকা সত্বেও ক্ষমতাসীন দলের সংসদ সদস্যরা নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করছেন এবং মন্ত্রীরা প্রভাব বিস্তার করে অংশ নিচ্ছেন- এ নিয়ে স্থায়ী কমিটির সভায় ক্ষোভ প্রকাশ করা হয়।”
আচরণবিধি লংঘনের জন্য তিনজন সাংসদকে কারণ দর্শানোর নোটিশের প্রসঙ্গ তুলে ফখরুল বলেন, “আমাদের বক্তব্য হলো শোকজ করাটাই যথেষ্ট নয়। সরকারি দলের প্রভাব বিস্তার করার শক্তি বেশি থাকে। তাই আমরা কমিশনকে এ ব্যাপারে নিরপেক্ষ হওয়ার জোর দাবি জানাচ্ছি।”
খালেদা জিয়ার সভাপতিত্বে এই বৈঠকে মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, সারোয়ারি রহমান, আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মির্জা ফখরুলের পাশে দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সহ প্রচার সম্পাদ সৈয়দ এমরান সালেহ প্রিন্স ও মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ছিলেন।
