২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানবাধিকার নিয়ে জাতিসংঘের সমালোচনায় ফখরুল

মানবাধিকার রক্ষার বিষয়ে জাতিসংঘের সমালোচনা করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেছেন, “আমার কাছে মাঝেমাঝে মনে হয়, এই যে জাতিসংঘ ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস- এগুলো বোধহয় ডাবল স্ট্যান্ডার্ড।”

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2015, 08:33 PM

Updated : 22 Aug 2022, 02:12 PM

সমালোচনার পক্ষে যুক্তি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “একদিকে তারা মানবাধিকারের কথা বলবেন, আরেকদিকে মানবাধিকার লঙ্ঘন যারা করছে, তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে না।”

রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশনের সেমিনার কক্ষে বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় বিএনপি আয়োজিত এক অনুষ্ঠান তিনি এসব কথা বলেন।

আজ দেশে মানবাধিকার ভুলণ্ঠিত- এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, “সমগ্র বাংলাদেশে আমাদের অসংখ্য নেতা-কর্মী যারা নিজেদের গণতান্ত্রিক অধিকার রক্ষার জন্য লড়াই করছেন, তাদের অনেকেই নিখোঁজ হয়ে গেছেন। তাদের অনেকেই আজকে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের শিকার হয়েছেন। তাদের অনেকেই আজ পঙ্গু হয়ে গেছেন থানায় নিয়ে গিয়ে পুলিশের গুলি করার কারণে।”

এসময় তিনি ‘গণতান্ত্রিক নীতিতে’ আন্দোলন করার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান।

ইলিয়াস আলী, চৌধুরী আলমসহ বিএনপির নিখোঁজ নেতাদের প্রসঙ্গ তুলে মির্জা ফখরুল বলেন, “এরকম অসংখ্য মানুষ নিখোঁজ হয়ে গেছেন। তাদেরকে খুঁজে পাওয়া যায়নি।”

তিনি বলেন, “ক্রসফায়ার ‍খুব চমৎকার একটি শব্দ। এই ক্রসফায়ারে আমাদের কত কর্মী-নেতা কীভাবে নিহত হয়েছেন, এটা পত্রিকায় চলে এসেছে।”

নিখোঁজ স্বজনদের কান্নায় বক্তব্যের এক পর্যায়ে আবেগপ্রবণ হয়ে পড়েন মির্জা ফখরুল।

তিনি বলেন, “এ কোন দেশ আমরা স্বাধীন করলাম যে, আমাদের সন্তানরা তার পিতাকে খুঁজে পাবে না এবং দ্বারে দ্বারে ঘুরবে, কোথাও কোনো সুরাহা পাবে না?”

‘প্লিজ আন্টি পাপাকে ছেড়ে দিন’

আলোচনা সভায় অতিথির আসনে বিএনপি নেতাদের সঙ্গে ছিলেন ‘নিখোঁজদের’ পরিবারের সদস্যরা।

তাদের মধ্যে ছিলেন মহানগর বিএনপির ৩৭নং ওয়ার্ডের সাজেদুল ইসলাম সুমনের বোন মারুফা ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আবদুল কাদের ভুঁইয়া মাসুমের মা আয়শা আখতার, মো. কাউসারের স্ত্রী মিনু, বিমানবন্দর থানা ছাত্রদল নেতা নিজাম উদ্দিন মুন্নার বাবা মো. শামসুদ্দিন, বংশাল থানা ছাত্রদল নেতা মো. সোহেলের বাবা মো. শামসুর রহমান, মো. জহিরের মা হোসনে আরা বেগম প্রমুখ।

অনুষ্ঠানে তারা তাদের স্বজনদের ফিরে পেতে প্রধানমন্ত্রীর প্রতি কান্নাজড়িত কণ্ঠে আবেদন জানান।

বংশাল থানা ছাত্রদলের সাধারণ সম্পাদক পারভেজ হোসেনের শিশুকন্যা হৃদি কান্নাজড়িত কণ্ঠে বলেন, “শেখ হাসিনা আন্টি, আমার পাপাকে ছেড়ে দিন। প্লিজ আন্টি। আমি আপনার জন্য নামাজ পড়ে দোয়া করি। আপনি খুব ভালো। আমি পাপ্পুর সাথে বেড়াতে যেতে চাই, স্কুলে যেতে চাই।”

বংশাল থানা ছাত্রদলের আরেক নেতা চঞ্চলের ছেলে আবদুল আহাদ বলেন, “শেখ হাসিনা আন্টি, আমি অনেকদিন পাপ্পাকে দেখি না। স্কুলে যেতে পারি না। প্লিজ আব্বুকে ছেড়ে দিন।”

মির্জা ফখরুলের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, হাফিজউদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস চেয়ারম্যানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা অ্যাডভোকেট আসাদুজ্জামান বক্তব্য রাখেন।

সভা পরিচালনা করেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।