আঘাত এলে পাল্টা আঘাত: সিপিবি
দলের শীর্ষ নেতাদের প্রাণনাশের হুমকির প্রতিবাদে সমাবেশ থেকে আঘাত এলে পাল্টা আঘাতের হুঁশিয়ারি দিয়েছেন সিপিবি নেতারা।
সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাবেক সভাপতি মঞ্জুরুল আহসান খানকে হত্যার হুমকির প্রতিবাদে বুধবার জাতীয় প্রসক্লাবের সামনে এই সমাবেশ হয়।
সিপিবির সাধারণ সম্পাদক আবু জাফর আহমেদ বলেন, “সম্প্রতি দেশে ‘ব্যক্তিগত সন্ত্রাস’ ব্যাপক হারে বৃদ্ধি পেয়েছে। কেউ বলছে- জঙ্গি আছে, আবার বলছে নাই। এভাবেই তাদের উৎপাত বৃদ্ধি পাচ্ছে। আর আমাদের দলের শীর্ষ নেতাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে।
“আমরা অবাক হয়ে বিস্ময়ের সাথে লক্ষ করছি, জঙ্গিবাদের দ্বারা একটার পর একটা খুন হচ্ছে। একটা খুনেরও বিচার হচ্ছে না। দেশে সরকার আছে বলে মনে হয় না।”
সিপিবির এই নেতা বলেন, “একদিকে আওয়ামী লীগ আর অন্যদিকে বিএনপির চাপে মানুষ পিষ্ট। জনগণ এর বাইরে বিকল্প শক্তি চায়, আর সেটা হচ্ছে সিপিবি।
“এখন আঘাত আসলে পাল্টা আঘাত করতে হবে। একটা হলে ১০টা করুন।”
স্বরাষ্ট্রমন্ত্রীর সমালোচনা করে সিপিবি সাধারণ সম্পাদক জাফর বলেন, “সন্ত্রাসী ঘটনাগুলো যখন প্রকট হয়ে গেল তখন সরকারের পক্ষ থেকে বলা হয়, দেশে আইএস নাই। অন্য সময় বলে দেশে আইএস, জঙ্গি আছে। তবে আজকের স্বরাষ্ট্রমন্ত্রী বাবরের মতো পাগল না হলেও কাকে বাঁচানোর জন্য সকালে এক কথা আবার বিকালে আরেক কথা বলছেন?”
সমাবেশে অন্যদের মধ্যে সিপিবি নেতা রুহিন হোসেন প্রিন্স, সাজ্জাদ জহির চন্দন, বাসদের বজলুর রশিদ ফিরোজ, বামমোর্চার সমন্বয়ক আব্দুস ছাত্তার ও মোশরেফা মিশু বক্তব্য দেন।
মুজাহিদুল ইসলাম সেলিম ও মঞ্জুরুল আহসানকে হত্যার হুমকি দাতাদের গ্রেপ্তার ও বিচারের দাবি জানান তারা।
গত শনিবার ই-মেইলে এক বার্তায় সেলিমকে এবং মঙ্গলবার টেলিফোনে মঞ্জুরুল আহসানকে হত্যার হুমকি দেওয়া হয় বলে সিপিবির পক্ষ থেকে বলা হয়েছে।
