রাজতন্ত্রের আদলে গণতন্ত্র বন্দি: রিজভী
সরকার ‘রাজতন্ত্রের আদলে গণতন্ত্রকে বন্দি করে রেখেছে’ বলে অভিযোগ করেছেন বিএনপির সদ্য কারামুক্ত যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার বিকালে নয়া পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, “কারাগার ও কারাগারের বাইরে জনজীবন সব জায়গা আমার কাছে বন্দিশালার মতো মনে হচ্ছে। যেখানে গণতন্ত্রের ন্যূনতম মানুষের কথা বলা অধিকার ও মত প্রকাশের অধিকার, চিন্তার স্বাধীনতা সমস্ত কিছু গলাটিপে হত্যা করা হয়েছে। আজ রাজতন্ত্রের আদলে গণতন্ত্রকে সরকার বন্দি করে রেখেছে।”
বর্তমান নির্বাচন কমিশনের কার্য্ক্রমের কঠোর সমালোচনা করে তিনি বলেন, “আমরা সকল স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমাদের দলের চেয়ারপারসন ও মহাসচিব বলেছেন, গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে আমরা এই নির্বাচনে অংশ নিচ্ছি।”
“আমি বলব, নির্বাচন কমিশন অতীতে যেভাবে জনগণের কাছে প্রশ্নবিদ্ধ হয়েছে, এর যেন পুনরাবৃত্তি না হয়। তারা যেন কোনো মহল বিশেষের অ্যাডভান্স বুকিং কোনো প্রতিষ্ঠান ও করপোরেশনে পরিণত না হয়।”
সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি ৯০ শতাংশ মেয়র পদ পাবে বলেও আশা প্রকাশ করেন রিজভী।
একই সঙ্গে তিনি সব দলের অংশগ্রহণে দ্রুত জাতীয় নির্বাচনের দাবি জানান।
এর আগে বিকাল সাড়ে ৩টায় রিজভী নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছালে দলের নেতা-কর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায়।
২০১৪ সালের ৫ জানুয়ারি থেকে শুরু হওয়া আন্দোলনের মধ্যে আত্মগোপনে থাকা রুহুল কবির রিজভীকে ৩০ জানুয়ারি র্যাবের একটি দল বারিধারার একটি বাসা থেকে আটক করে।
