এরশাদের সঙ্গে পঙ্কজ শরণের সাক্ষাৎ
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত পঙ্কজ শরণ।
শনিবার এরশাদের বারিধারার বাসায় এ সাক্ষাৎ হয় বলে জাতীয় পার্টির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, সক্ষাতের সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরাজমান দুই পক্ষের স্বার্থ-সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয়েছে। অত্যন্ত হৃদ্যতাপূর্ণ পরিবেশে এ সাক্ষাতে ভারতের বিদায়ী রাষ্ট্রদূত দায়িত্ব পালনকালে সহযোগিতার জন্য বাংলাদেশের সাবেক রাষ্ট্রপতি এরশাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
ভারতীয় রাষ্ট্রদূতকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, “বাংলাদেশে দায়িত্ব পালনকালে তাকে সর্বাত্মকভাবে সহযোগিতা করার কথা তিনি মনে রাখবেন।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাক্ষাৎকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনে আরও বেগবান হবে বলে উভয়ে আশাবাদ ব্যক্ত করেন।
সাক্ষাতের সময় জাতীয় পার্টির মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু, পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, প্রেসিডিয়াম সদস্য গোলাম মোহাম্মদ কাদের ও সমবায় বিষয়ক প্রতিমন্ত্রী মশিউর রহমান রাঙ্গা উপস্থিত ছিলেন।
