২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পৌরভোটে শেষ ভরসা দেখছে বিএনপি

পৌরসভায় ভোট নির্বাচন কমিশনের ‘প্রশ্নবিদ্ধ’ কর্মকাণ্ড থেকে উত্তরণে একটি ‘অগ্নিপরীক্ষা’ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Dec 2015, 04:33 PM

Updated : 25 Apr 2022, 02:14 PM

শনিবার দুপুরে এক আলোচনা সভায় তিনি বলেন, “আজকে যে নির্বাচন কমিশন যারা এটি পরিচালনা করবে, তার নিরপেক্ষতা নিয়ে অনেক অনেক কথা রয়েছে। তাকে (ইসি) বলা হচ্ছে, এই কমিশন সরকারের একটা ক্যাডার বাহিনী, তাদের একটা অঙ্গসংগঠন।

“এই নির্বাচন কীভাবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ হবে, এটা নির্বাচন কমিশনের জন্য একটা অগ্নিপরীক্ষা। এই পরীক্ষায় তাকে পাস করতে হবে।”

এই নির্বাচনের ওপর ভবিষ্যতের সংসদ নির্বাচন ও অন্যান্য নির্বাচন নির্ভর করবে বলেও জানান তিনি।

মাহবুবুর রহমান বলেন, “... সেজন্য এই নির্বাচনে আমরা শেষ বারের মতো দেখতে চাই, সরকার ও নির্বাচন কমিশন কতটুক আস্থাভাজন হতে পেরেছে বাংলাদেশের জনগণ ও বিশ্বের কাছে।”

জাতীয় প্রেস ক্লাবের তৃতীয় তলায় সভাকক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের করণীয়’ শীর্ষক এই আলোচনা সভা হয়।

পৌর নির্বাচন ১৫দিন পিছিয়ে দেওয়ার দাবির বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের সমালোচনা করে মাহবুবু্র রহমান বলেন, “আমাদের আবেদন নির্বাচন কমিশন রাখেনি। আমি মনে করি, প্রথম ধাপেই ইসি তাদের আসল চেহারা দেখিয়ে দিয়েছে। তারা যে কত পক্ষপাতদুষ্ট এটা প্রমাণিত হয়েছে।”

বিএনপির অনেক প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে পারেননি বলেও অভিযোগ করেন তিনি।

“রিটার্নিং অফিসার তা গ্রহণ করেননি। আওয়ামী ক্যাডাররা বিরোধী প্রার্থীদের ওপর হামলা করছে, অনেকে গুম-খুন তো হয়েই গেছে। যারা নির্বাচন করবে, তারা প্রকাশ্যে বের হতে পারছেন না। নির্বাচনে নিয়োজিত কর্মীরা বিভিন্ন মামলা-মামলা-মোকদ্দমার শিকার হচ্ছে। এখানে সবার জন্য সমান সুযোগ মোটেই নেই।”

সংগঠনের সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে আলোচনা সভায় জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, এনডিপির চেয়ারম্যান খন্দকার গোলাম মূর্তজা, ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুঁইয়া, পেশাজীবী দলের সভাপতি আনিসুর রহমান জিয়া প্রমুখ বক্তব্য রাখেন।