জামায়াতের হরতালে আটকাল তারেকের জন্মদিনের কর্মসূচি
তারেক রহমানের ৫১তম জন্মবার্ষিকী উপলক্ষে একটি আলোচনা সভার কর্মসূচি নিলেও জোটসঙ্গী জামায়াতে ইসলামীর হরতালের কারণে তা স্থগিত করতে হয়েছে বিএনপিকে।
দলের জ্যেষ্ঠ ভাইস চেয়ারম্যানের জন্মদিন উপলক্ষে বুধবার সকালে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দুদিনের কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
কর্মসূচির মধ্যে ছিল, বৃহস্পতিবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা এবং পরদিন সকালে কেন্দ্রীয় কার্যালয়ে কেক কাটার অনুষ্ঠান।
২০ নভেম্বর তারেকের জন্মদিনে জুমার নামাজের পর দোয়া মাহফিল এবং সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে স্বাস্থ্য সেবার কর্মসূচিও ছিল।
ওই সংবাদ সম্মেলনের পরই বৃহস্পতিবার জামায়াতের হরতালের ডাক আসে।
এরপর বিএনপির দপ্তর থেকে বৃহস্পতিবারের আলোচনা সভা স্থগিতের কথা জানানো হয়। তবে বলা হয়েছে, শুক্রবারের কর্মসূচি ঠিকই আছে।
দলের সেক্রেটারি জেনারেল আলী আহসান মো. মুজাহিদের যুদ্ধাপরাধের দায়ে মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনার আবেদন খারিজের আদেশের পর ওই কর্মসূচি ডাকে জামায়াত।
বুধবার মুজাহিদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর রিভিউ আবেদনও খারিজ হওয়ায় এই দুই যুদ্ধাপরাধীকে এখন ফাঁসিকাষ্ঠেই যেতে হচ্ছে।
জামায়াত কর্মসূচি ডাকলেও দলের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরামের সদস্যের জন্য কোনো কর্মসূচি দেয়নি বিএনপি। দলের কোনো নেতা কোনো প্রতিক্রিয়াও জানাতে চাননি।
বিএনপির মুখপাত্র জানান, বিভাগ-জেলা-উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দলীয়ভাবে তারেক রহমানের জন্মদিন পালন ও দোয়া মাহফিল করতে দলের শাখা কমিটিগুলোকে বলা হয়েছে।
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বড় ছেলে তারেকের জন্ম ১৯৬৫ সালের ২০ নভেম্বর। সাবেক রাষ্ট্রপ্রধান বাবা এবং সাবেক সরকারপ্রধান মায়ের ছেলে তারেক বর্তমানে বিভিন্ন মামলা মাথায় নিয়ে সপরিবারে লন্ডনে রয়েছেন।
এবার জন্মদিন মায়ের সঙ্গেই কাটছে তারেকের। বিএনপি চেয়ারপারসন খালেদা স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্যে রয়েছেন এখন।
