২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপি ছাড়লেন শাহরিয়ার রুমী

ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দল ছাড়ার পর দুই সাপ্তাহ না যেতেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2015, 04:29 PM

Updated : 22 Aug 2022, 01:55 PM

একসময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা এই রাজনীতিক এখন আবার বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে ফিরতে চান।

রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, কুরিয়ার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বরাবরে তিনি পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ফরিদপুর জেলা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন।

“আমি মনে করি, মুক্তিযুদ্ধের শক্তি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশকে স্বাধীন করেছিলাম, আজ আমাদের সবার এক হওয়া উচিৎ। সেই কারণে বিএনপি থেকে আমি পদত্যাগ করেছি।”

২০০১ সালের নির্বাচনে ফরিদপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে পরের বছর ৪ মে বিএনপিতে যোগ দেন রুমী। ওই আসনে সে সময় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন রুমী।

পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা শামসুদ্দিন মোল্লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট বন্ধু ছিলেন।

রুমী জানান, ২০০৭ সালের ২২ জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল, তাতে বিএনপির মনোনয়ন পেয়েছিলেন তিনি। পরে ওই নির্বাচন স্থগিত হয়ে যায়।

এখন আওয়ামী লীগে যোগ দেবেন কিনা জানতে চাইলে রুমী বলেন, “আমাদের পুরো পরিবারই আওয়ামী লীগ করে। আমি ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি।

“২০০২ সালে কেবল আমিই পরিবারের বাইরে এসে বিএনপিতে যোগ দিয়েছিলাম। এটা নিয়ে এতোদিন অস্বস্তিতে ছিলাম। এই পদত্যাগে তা কেটে গেল। এখন কী করব সে সিদ্ধান্ত নিইনি।”

এ বিষয়ে জানতে চাইলে ফরিদপুর জেলা বিএনপির সভাপতি জহুরুল হক শাহজাদা মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, “উনি অনেকদিন ধরেই রাজনীতিতে সক্রিয় ছিলেন না। কেন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন তা জানি না।”

তিনি বলেন, “রুমী সাহেব যখন বিএনপিতে আসেন তখন কোনো চাপে আসেননি, নিজ ইচ্ছায় এসেছিলেন। বিএনপি অনেক বড় দল, দুই একজন চলে গেলে দলের কিছু হয় না।”

চলতি মাসের প্রথম দিকে বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী স্বাস্থ্যগত কারণ দেখিয়ে দল ছেড়ে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেন।

আওয়ামী লীগ নেতারা সে সময় বলেছিলেন, বিএনপিতে এখনও যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী আছেন, তারাও একে একে দল ছাড়বেন।