দুর্নীতি মামলায় মঞ্জুর খালাসের রায় বহাল
দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা এক মামলায় বন ও পরিবেশ মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুকে খালাস দিয়ে হাই কোর্টের দেওয়া রায় আপিল বিভাগেও বহাল রয়েছে।
হাই কোর্টের রায়ের বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল (আপিলের অনুমতি চেয়ে আবেদন) রোববার খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ এ আদেশ দেয়।
আদালতে মঞ্জুর পক্ষে শুনানিতে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ ও আইনজীবী আহসানুল করিম। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী এ কে এম ফজলুল হক।
পরে এ কে এম ফজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হাই কোর্ট তাকে খালাস দিয়েছিল। এর বিরুদ্ধে দুদকের করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।”
জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ৭ অক্টোবর রাজধানীর ধানমণ্ডি থানায় মামলাটি করে দুদক।
২০০৮ সালের ২০ মার্চ মামলায় অভিযোগপত্র দেওয়া হয়। আনোয়ার হোসেন মঞ্জুর স্ত্রী তাসমিমা হোসেনকেও আসামি করা হয়।
বিচারিক আদালত এ মামলার রায়ে আনোয়ার হোসেন মঞ্জুকে ১৩ বছরের কারাদণ্ড দেয়।
এই রায়ের বিরুদ্ধে তিনি আপিল করলে হাই কোর্টে সাজা বাতিল হয়। হাই কোর্টের এই রায়ের বিরুদ্ধে ২০১২ সালে লিভ টু আপিল করে দুদক।
