'পার্টি করলেও কখনো আমার নেতা ছিল না এরশাদ'
জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ফেনী পৌরসভার মেয়র হাজী আলাউদ্দিন আওয়ামী লীগে যোগ দিয়েই দলটির প্রধান এইচ এম এরশাদের তীব্র সমালোচনা করেছেন। এতদিন জাতীয় পার্টি করলেও এরশাদ তার নেতা ছিলেন না বলেও দাবি করেন তিনি।
শুক্রবার রাতে ফেনীর পরশুরাম উপজেলা পরিষদ চত্বরে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে তার নেতৃত্বে জেলা জাতীয় পার্টির হাজার খানেক নেতাকর্মী কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন আহম্মেদ চৌধুরী নাসিমের হাতে ফুল দিয়ে ক্ষমতাসীন দলে যোগ দেন।
হাজী আলাউদ্দিন বলেন, "আমি জাতীয় পার্টি করলেও এরশাদ কখনো আমার নেতা ছিল না। আমার নেতা ছিলেন বীর বিক্রম জাফর ইমাম। তিনি আওয়ামী লীগে যোগ দিয়েছেন। আমি তার পক্ষে নৌকা প্রতীকে ভোটের কাজও করেছি।
"জাফর ঈমামকে আমি পিতৃতুল্য সম্মান করি। আগে আমার নেতা ছিলেন জাফর ইমাম, এখন আমার নেতা আলাউদ্দিন আহম্মেদ নাসিম ও নিজাম উদ্দিন হাজারী।”
"নিজাম হাজারী আমাদের মায়া-মমতা ও ভালোবাসা দিয়ে সহযোগিতা করেছেন। তিনি আমাদের ডাক দিয়েছেন, তার ডাকে সাড়া দিয়ে জাতীয় পার্টির সব সদস্যকে নিয়ে আওয়ামী লীগে যোগদান করেছি।"
সমাবেশে আওয়ামী লীগে যোগদানকারী জেলা জাতীয় পার্টির সভাপতি মোশারফ হোসেন বলেন, "এরশাদ সকালে এক কথা বলেন, বিকেলে আরেক কথা বলেন। ৩৩ বছর তার সঙ্গে ছিলাম। দলের জন্য কাজ করেছি, কিন্তু দল থেকে কিছুই পাইনি।"
জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বলেন, "শেখ হাসিনার উন্নয়নের জোয়ার দেখে এবং দেশ থেকে জ্বালাও-পোড়াও বন্ধ করায় আওয়ামী লীগে যোগদান করেছি।"
পরশুরাম উপজেলা যুবলীগ সভাপতি মো. ইয়াসিন শরীফ মজুমদারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক প্রটোকল অফিসার আলাউদ্দিন নাসিম।
বিশেষ অতিথি ছিলেন ফেনী-২ আসনের সাংসদ ও ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী।
