মান্নার মুক্তি চেয়ে কর্মী সমাবেশ
নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার মুক্তি দাবিতে কর্মী সমাবেশ করেছে দলটির ঢাকা মহানগর শাখা।
রাজধানীর তোপখানায় বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে শুক্রবার বিকালে এই কর্মীসভায় সরকারের কঠোর সমালোচনা করেছেন দলটির নেতারা।
নাগরিক ঐক্যের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক শহীদুল্লা কায়সার বলেন, “দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ হিসেবেই সরকার মান্নাকে গ্রেপ্তার করে জেলে রেখেছে।”
কারাগারে মান্নাকে ডিভিশন না দেওয়ার সমালোচনা করে তিনি বলেন, তার সুচিকিৎসার ব্যবস্থা করেনি সরকার।
টেলিফোনে কারও সঙ্গে আলাপের জন্য রাষ্ট্রদ্রোহের অভিযোগ আনা যায় না বলেও দাবি করেন শহীদুল্লা।
২০১২ সালে নাগরিক ঐক্য নামে একটি সংগঠনের ঘোষণা দেন মাহমুদুর রহমান মান্না। নাগরিক সংগঠন হিসেবে প্রাথমিকভাবে কাজ শুরু করলেও এটি রাজনৈতিক দল হিসেবে গড়ে ওঠে।
টেলিফোন কথোপকথনে সরকার উৎখাতে সামরিক হস্তক্ষেপে আগ্রহ এবং বিশ্ববিদ্যালয়ে লাশ চাওয়ার কথা প্রকাশের পর গত ২৪ ফেব্রুয়ারি মান্নাকে গ্রেপ্তার করা হয়। দুই দফা রিমান্ড শেষে জেলে রয়েছেন তিনি।
রাজনীতিতে তৃতীয় শক্তির উত্থানের আহ্বান জানানোর কারণেই মান্নাকে গ্রেপ্তার করা হয়েছে বলে দাবি করেন শহীদুল্লা।
নেতার মুক্তিতে দলের কর্মীদের নূর হোসেনের মত গুলি খেয়ে মরতে হতে পারে বলেও সতর্ক করেন তিনি।
নাগরিক ঐক্যের নেতা ফজলুল হক সরকার মান্নার গ্রেপ্তারকে সরকারের স্বৈরতান্ত্রিক আচরণ বলে দাবি করেন।
মান্নার মুক্তি আন্দোলন গড়ে তুলতে টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত কর্মী বাহিনী তৈরিরও আহ্বান জানান তিনি।
“সূর্য এখন পশ্চিম আকাশে, সূর্য অস্ত যাওয়ার আগেই মান্নাকে মুক্তি দিন।”
নাগরিক ঐক্যের ঢাকা দক্ষিণের আহ্বায়ক আবুবকর সিদ্দিক বলেন, “স্বৈরাচার সরকারের কাছে যতই কাকুতি-মিনতি করি না কেন তারা মান্নাকে ছাড়বে না। সাংগঠনিকভাবে আন্দোলন গড়ে তুলে মান্নাকে মুক্ত করতে হবে।
“নেতার চরিত্রে কলঙ্কের দাগ নেই, দুর্নীতি-স্বজনপ্রীতি নেই। তার নেতৃত্বেই তৃতীয় শক্তির উত্থান হতে পারে।”
নাগরিক ঐক্যের ঢাকা মহানগর দক্ষিণের এই কর্মী সমাবেশ ৬০-৭০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লা চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আসিফ নজরুলের এই সমাবেশ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও তারা আসেননি।
