জঙ্গি সংশ্লিষ্ট না হলে কীসের ভয়: কামরুল
রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিএনপি-জামায়াতকে ভয় পাওয়ার কিছু নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।
বুধবার দুপুরে রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষকে হেনস্তা করার পক্ষপাতি আমরা নই। শেখ হাসিনা এই অপরাজনীতি করে না। কারণ আমাদের চরিত্রে এগুলো নাই। এগুলো আপনারা অতীতে করেছেন।”
কামরুল বলেন, “আপনাদের দলে যদি কোনো সন্ত্রাসী ও জঙ্গি না থাকে তাহলে আপনাদের কীসের ভয়। আপনাদের মধ্যে জঙ্গি সংশ্লিষ্ট কেউ থাকলে তাদের ধরা হবে।”
‘আমরা নগরবাসী’ নামে একটি সংগঠন ওই আলোচনা সভার আয়োজন করে।
খাদ্যমন্ত্রী বলেন, “কক্সবাজারের সাংসদ বদি (আব্দুর রহমান বদি) একজন অপরাধী হিসেবে ধরা পড়েছে। তাহলে বিএনপির নেতারা অপরাধ করলে কেন ধরা পড়বে না? অপরাধী যেই হউক না কেন তাদের ছাড় দেওয়া হবে না। সে ইসলামী ব্যাংক কর্মকর্তা বা বিএনপি-জামায়াতের নেতাই হউক না কেন।”
বিএনপি নেত্রী খালেদার দেশে আসা নিয়ে সংশয় প্রকাশ করে তিনি বলেন, “বেগম খালেদা জিয়ার মধ্যে অজানা ভয় কাজ করছে। তিনি দেশে আসার নামে বার বার তারিখ পরিবর্তন করছেন। আসলে বিদেশে বসে দেশের বিরুদ্ধে নীল নকশা করার জন্যই কি-না?”
সাম্প্রতিক সময়ে দেশে ঘটে যাওয়া হত্যাকাণ্ড ও সন্ত্রাসী কর্মকাণ্ডকে বিএনপি-জামায়াতের ‘নতুন কৌশল’ বলেও মন্তব্য করেন কামরুল।
আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, “শতবর্ষের খাদ্য ঘাতটি থেকে, দেশ খাদ্য উদ্বৃত্ত করে অদম্য গতিতে এগিয়ে চলছে, ঠিক ওই সময় দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে।”
‘বিদেশিদের নীল নকশায়’ বিএনপি নেত্রী এগোচ্ছেন বলেও অভিযোগ করেন তিনি।
হাছান বলেন, “অন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য সাম্প্রতিক ঘটনা প্রবাহ ঘটানো হচ্ছে, যাতে করে বিদেশি রাষ্ট্রের জন্য বাংলাদেশে ঢোকার পথ সহজ হয়।”
‘আমরা নগরবাসী’ সংগঠনের সভাপতি মো. জাহাঙ্গীর আলম খানের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ উপ-কমিটির সহ সম্পাদক এম এ করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
