২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মেয়রদের বরখাস্তে রাজনীতি নেই: সংসদে মন্ত্রী

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর নির্বাচিত প্রতিনিধিদের রাজনৈতিক কারণে বরখাস্ত করার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

সংসদ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2015, 09:41 PM

Updated : 22 Aug 2022, 01:51 PM

আইনের আওতার বাইরে কোনো নির্বাচিত প্রতিনিধিকে ঢালাওভাবে রাজনৈতিক কারণে বরখাস্ত করা হয়নি, মঙ্গলবার সংসদে বলেছেন তিনি।

গত কয়েক মাসে বরখাস্ত করা হয় খুলনা, সিলেট, রাজশাহী ও গাজীপুর সিটি করপোরেশনের মেয়রদের। তারা সবাই বিএনপির নেতা। এছাড়াও বরখাস্ত হন বেশ কয়েকজন পৌর মেয়রও।

ফৌজদারি মামলায় অভিযোগপত্রভুক্ত আসামি হওয়ার কারণ দেখিয়ে তাদের বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তবে বিএনপির অভিযোগ, সরকার তাদের নেতাদের সরাতেই এই পদক্ষেপ নিয়েছে।

মঙ্গলবার সংসদ অধিবেশনে স্বতন্ত্র সদস্য হাজি মোহাম্মদ সেলিম একই অভিযোগ তুলে মন্ত্রী খন্দকার মোশাররফকে প্রশ্ন করেন।

বহিষ্কারের বিষয়ে স্থানীয় সরকার আইনের বিধান তুলে ধরে মন্ত্রী বলেন, “যদি স্থানীয় সরকারের কোনো নির্বাচিত প্রতিনিধির বিরুদ্ধে মামলার চার্জশিট হয় এবং মামলায় আসামি হিসেবে উনি প্রতিষ্ঠিত হন, তাহলেই উনাকে সাময়িকভাবে বরখাস্ত করা হবে। এছাড়া কারও বিরুদ্ধে যদি অর্থ আত্মসাতের অভিযোগ প্রমাণিত হয়, তাহলে তাকে বহিষ্কার করা হয়ে থাকে।

“এই আইনের আওতার বাইরে কোন নির্বাচিত প্রতিনিধিকে ঢালাওভাবে রাজনৈতিক কারণে বরখাস্ত করা হয়নি। ‍”

Image
বরখাস্ত চার মেয়র (বাঁ থেকে ঘড়ির কাঁটার দিকে)- খুলনার মনিরুজ্জামান মনি, সিলেটের আরিফুল হক চৌধুরী, গাজীপুরের এম এ মান্নান ও রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল

বরখাস্ত চার মেয়র (বাঁ থেকে ঘড়ির কাঁটার দিকে)- খুলনার মনিরুজ্জামান মনি, সিলেটের আরিফুল হক চৌধুরী, গাজীপুরের এম এ মান্নান ও রাজশাহীর মোসাদ্দেক হোসেন বুলবুল

আসন্ন পৌরসভা নির্বাচন সুষ্ঠুভাবে হবে কি না, তা নিয়েও সংশয় প্রকাশ করে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হাজি সেলিম।

মন্ত্রী বলেন, “নির্বাচন সুষ্ঠু হবে কি, হবে না, এটা আগে-ভাগে উনি কীভাবে বলেন? এ ধরনের কোনো সুনির্দিষ্ট তথ্য উনার কাছে থাকলে, যে নির্বাচন সুষ্ঠু হওয়ার সম্ভাবনা কম, তাহলে আমাদের নজরে যদি আনেন আমরা যথাযথ ব্যবস্থা নিতে পারব।”

হাজি সেলিম তার প্রশ্ন করার সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোতে দলীয় ভিত্তিতে নির্বাচন করতে আইন সংশোধনকে স্বাগ জানান।

তখনই তিনি প্রশ্ন রাখেন, “কিন্তু নির্বাচনে যদি কেউ স্বতন্ত্র বা লাঙল ইত্যাদি মার্কা নিয়ে দাঁড়ায় তবে তাদের বর্তমানের মতো মামলা-মোকদ্দমা দিয়ে ভিতরে ঢুকিয়ে আবার তার পদটি বাতিল হবে কি না?”

বৈঠক হয় না বিআরডিবি ও বার্ডে

বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পরিচালনা পর্ষদের বছরে ছয়টি করে বৈঠক হওয়ার কথা থাকলেও গত তিন বছরে একটি বৈঠকও অনুষ্ঠিত হয়নি।

বাংলাদেশ পল্লী উন্নয়ন একাডেমির (বার্ড) পরিচালনা পর্ষদের বছরে তিনটি করে বৈঠক হওয়ার কথা থাকলেও ২০০৮ সালের পর কোনো বৈঠকই হয়নি।

আওয়ামী লীগের সংসদ সদস্য মো. ইসরাফিল আলমের এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ সংসদকে এ তথ্য জানান।

বৈঠক না হওয়ার কারণ হিসেবে মন্ত্রী বলেন, “অনিবার্য কারণে সময়মতো অবশিষ্ট বোর্ডসভা অনুষ্ঠিত হয়নি। তবে যথাশিগগির বিআরডিবি ও বার্ডের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।”

বিআরডিবিতে গত ১৫ বছরের মধ্যে ২০০৭, ২০০৯, ২০১১, ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালে কোনো বৈঠকই হয়নি। বার্ডে ১৫ বছরের মধ্যে ৮ বছরই কোনো বৈঠক হয়নি।

মন্ত্রী বলেন, “সময়মতো বৈঠক না হলেও প্রশাসনিক কার্যক্রমের কোনো ব্যত্যয় ঘটেনি। অর্পিত ক্ষমতা, সরকারি বিধিবিধান অনুসরণ ও মন্ত্রণালয়ের পরামর্শক্রমেই দৈনন্দিন কার্যক্রম পরিচালিত হচ্ছে।”