২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মতের বিরুদ্ধে গেলেই আ. লীগ রাজাকার বলে: আলাল

ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করে বিএনপি নেতা মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, কেউ তাদের মতের বিরুদ্ধে কথা বললেই তাকে রাজাকার বলে দলটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Nov 2015, 10:30 PM

Updated : 22 Aug 2022, 01:48 PM

Image
মোয়াজ্জেম হোসেন আলাল, ফাইল ছবি

মোয়াজ্জেম হোসেন আলাল, ফাইল ছবি

পঁচাত্তরের ৭ নভেম্বর স্মরণে শনিবার জাতীয় প্রেসক্লাবে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’র এক আলোচনা সভায় তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এমাজউদ্দীন আহমদের সভায় প্রধান অতিথির বক্তব্য দেওয়ার কথা থাকলেও তিনি আসেননি। তার জায়গায় প্রধান অতিথির বক্তব্য দেন মোয়াজ্জেম হোসেন আলাল।

বিএনপির যুব বিষয়ক সম্পাদক আলাল বলেন, “আওয়ামী লীগ হলো এমন এক মেশিন যার একপাশ দিয়ে আওয়ামী লীগকে সমর্থন করে এমন কোনো রাজাকারকে ঢুকালে সে সাইজ হয়ে অন্যদিক দিয়ে মুক্তিযোদ্ধা হয়ে বেরোবে। আবার আওয়ামী লীগের কুকর্মের প্রতিবাদ করে এমন কোনো মুক্তিযোদ্ধাকে যদি এই মেশিনে প্রবেশ করানো হয় তাহলে অন্য পাশ দিয়ে সে রাজাকার হয়ে বেরোবে।

“তাদের মুক্তিযুদ্ধের চেতনা হচ্ছে এই যে, আমি আমার মেয়েকে রাজাকারের ছেলের সাথে বিয়ে দিলে কোনো আপত্তি নেই, কিন্তু অন্য কেউ বিয়ে দিলে তাকে ছাড়ব না।”

মুক্তিযুদ্ধের সম্মাননা পদকে ‘শতকরা ৯০ ভাগ খাদ মেশানোর’ সমালোচনাও করেন বিএনপির এ নেতা।

“যখন সাংবাদিকরা এ বিষয়ে জিজ্ঞেস করেন তখন শেখ হাসিনা বলেন, স্বর্ণকাররা তাদের মায়ের গহনাতেও খাদ মেশায়।”

জঙ্গিবাদের কথা বলে সরকার ‘ভাওতাবাজি’ করছে বলে মন্তব্য করেন যুবদলের সভাপতি আলাল।

তিনি বলেন, “আজ একের পর এক যে হত্যাকাণ্ড চলছে, যেভাবে আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে এর প্রতিবিধান তো আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীই করতে পারে।

“রাষ্ট্রযন্ত্রের সব জায়গায় যখন ঘুনে ধরে পোকায় খায় তখন এমন হয়। এটা সংক্রামক রোগের মতো ছড়িয়ে পড়েছে পুলিশ ও আইন-শৃংখলারক্ষাকারী অন্যান্য বাহিনীর মধ্যে। এই বিপদ কিন্তু আওয়ামী লীগ বা বিএনপির নয়, এ বিপদ সমগ্র জাতির। ”

সভায় অন্যদের মধ্যে আয়োজক সংগঠন ‘জিয়া নাগরিক ফোরাম’র সভাপতি মিয়া মোহাম্মদ আনোয়ার, স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের রহমতুল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন।