মধ্যম আয়ের দেশে ক্ষেতমজুরদের বরাদ্দ কই: সেলিম
মাথাপিছু আয়ের ভিত্তিতে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উন্নীত হলেও প্রান্তিক জনগোষ্ঠীর ভাগ্যের বদল হয়নি বলে দাবি করেছেন সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বৃহস্পতিবার ময়মনসিংহে বাংলাদেশ ক্ষেতমজুর সমিতির নবম সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে এই দাবি করেন বলে সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
ক্ষেতমজুর আন্দোলনের এক সময়ের নেতা সেলিম বলেন, “বাংলাদেশকে মধ্যম আয়ের দেশ বলা হচ্ছে। জনপ্রতি এক লাখ টাকা আয়ের হিসাব দেওয়া হচ্ছে। তাহলে ক্ষেতমজুরদের জীবন এত কষ্টের কেন? গ্রামীণ বরাদ্দ কোথায়?”
প্রান্তিক অবস্থানে থাকা ক্ষেতমজুরদের অধিকার আদায়ে একজোট হয়ে সংগ্রামের আহ্বান জানান এই কমিউনিস্ট নেতা।
সিপিবি সমর্থিত সংগঠনটির দুদিন ব্যাপী সম্মেলন উদ্বোধন করেন তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির আহ্বায়ক শেখ মুহাম্মদ শহীদুল্লাহ।
তিনি বলেন, “বর্তমান সমাজ ধনীক শ্রেণির স্বার্থ রক্ষা করছে। ক্ষেতমজুরদের অধিকার প্রতিষ্ঠা করতে হলে পুঁজিবাদী এই সমাজ ভেঙে ফেলতে হবে।”
ক্ষেতমজুর সমিতির সভাপতি শামসুজ্জামান সেলিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন টিইউসির সভাপতি সহিদুল্লাহ চৌধুরী, ক্ষেতমজুর সমিতির কার্যকরি সভাপতি সোহেল আহমেদ, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন রেজা, সিপিবি নেতা ফজলুর রহমান, এমদাদুল হক মিল্লাত, যুব ইউনিয়নের সভাপতি হাসান হাফিজুর রহমান সোহেল, ছাত্র ইউনিয়নের সভাপতি লাকী আক্তার।
অল ইন্ডিয়া এগ্রিকালচারাল ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি থিরুনাভু কাসারু, অল নেপাল পিজেন্ট ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক বলরাম বনসকোটা, শ্রীলঙ্কার ন্যাশনাল ফার্মার্স ফেডারেশনের সাধারণ সম্পাদক জয়ালাথ বানদারা সেনেভিথরানাও সম্মেলনে বক্তব্য রাখেন।
উদ্বোধন অনুষ্ঠান শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ময়মনসিংহ শহর প্রদক্ষিণ করে। সম্মেলনের দ্বিতীয় দিন শুক্রবার কাউন্সিল অধিবেশনে নতুন নেতৃত্ব নির্বাচন হবে বলে ক্ষেতমজুর সমিতির নেতারা জানিয়েছেন।
