‘খালেদা এখন লেডি কিলার’
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া রাজনৈতিক নেত্রী থেকে ‘লেডি কিলারে’ পরিণত হয়েছেন বলে মনে করেন ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বুধবার এক আলোচনা সভায় তিনি বলেন, “খালেদা জিয়া লন্ডনে বসে আন্দোলনে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তার আন্দোলন মানেই মানুষ হত্যা। খালেদা জিয়া এখন আর রাজনৈতিক নেত্রী নেই, তিন এখন লেডি কিলার। হরর মুভির নায়িকার বাস্তব রূপ।”
দেশের ৭৫ ভাগ মানুষ বিদ্যুৎ সুবিধা পাচ্ছে- দাবি করে হাছান মাহমুদ বলেন, “খালেদা জিয়া এখন অন্ধ; তার চোখের চিকিৎসা দরকার। দেশের উন্নয়ন তার চোখে পড়ে না।”
চট্টগ্রামের সাবেক সাংসদ আখতারুজ্জামান চৌধুরী বাবুর তৃতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।
সভায় খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “খালেদা জিয়া জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমরাও ঐক্য চাই, তবে তা স্বাধীনতার সব পক্ষের শক্তিকে নিয়ে। বিএনপি-জামায়াতের সঙ্গে কোনোভাবেই ঐক্য সম্ভব নয়।”
দেশের সাম্প্রতিক হত্যাকাণ্ড ও সন্ত্রাসী হামলায় বিএনপিকে সম্পৃক্ত করার ইচ্ছা নেই জানিয়ে তিনি বলেন, “কিন্তু অকাট্য প্রমাণ বলে এরাই এসব ঘটনায় জড়িত।”
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সমালোচনা করে কামরুল ইসলাম বলেন, “শিবিরের এক সমাবেশে তারেক জিয়া বলেছিলেন, ছাত্রদল আর শিবির এক মায়ের দুই সন্তান।”
