নানা কর্মসূচিতে চার নেতাকে স্মরণ
জেল হত্যা দিবসে নানা কর্মসূচির মধ্য দিয়ে কারাগারে নিহত জাতীয় চার নেতাকে স্মরণ করা হয়েছে।
১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হত্যার পর মুক্তিযুদ্ধের শীর্ষ চার সংগঠক তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে গ্রেপ্তার এবং ৩ নভেম্বর ঢাকা কেন্দ্রীয় কারাগারে তাদের হত্যা করা হয়।
দিবসটি উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার নেতার সন্তানদের নিয়ে মঙ্গলবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আশরাফুল ইসলাম আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। প্রধানমন্ত্রীর পরে সৈয়দ আশরাফের নেতৃত্বে এম মনসুর আলীর ছেলে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম ও তাজউদ্দিন আহমদের ছোট ভাইসহ দলের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান।
পরে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেন।
ধানমন্ডিতে ফুল দেওয়ার পর বনানী কবরস্থানে সমাহিত তিন নেতা তাজউদ্দীন আহমদ, সৈয়দ নজরুল ইসলাম ও এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা।
পরে ঢাকা কেন্দ্রীয় কারাগারে চার নেতার স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পাশাপাশি তাদের আত্মার শান্তি কামনা করে দোয়া করা হয়।
জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফ ছাড়াও কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনসহ এ সময় উপস্থিত ছিলেন।
দিবসটি উপলক্ষে জেলায় জেলায় আওয়ামী লীগ কার্যালয়ে মিলাদ ও দোয়া করা হয়। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ সব জেলা কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করা হয়।
