২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলস্য ছাড়ুন: নেতা-কর্মীদের উদ্দেশে আশরাফ

আওয়ামী লীগের নেতা-কর্মীদের ‘আলস্য’ ছেড়ে চোখ-কান খোলা রাখতে বলেছেন দলটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Nov 2015, 09:29 PM

Updated : 22 Aug 2022, 01:44 PM

জেলহত্যা দিবস উপলক্ষে সোমবার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভায় তিনি বলেন, “অনেক সময় ক্ষমতায় থাকলে আমরা অলস হয়ে পড়ি। আমাদের চোখ-কান খোলা রাখতে হবে।”

এই জনসভায় সভাপতির বক্তব্যে দলীয় প্রধান, সাত বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্বে থাকা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে বিএনপি-জামায়াতের নানা ‘ষড়যন্ত্রের’ কথা তুলে ধরেন। 

আশরাফ বলেন, “যারা বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে দেখতে চায়নি, তারাই বঙ্গবন্ধুকে হত্যা করেছিল।...সেই ষড়যন্ত্র এখনও বাংলাদেশে চলছে।”

জনসভায় আওয়ামী লীগ নেতাদের বক্তব্যে সম্প্রতি বাংলাদেশে দুই বিদেশি খুন এবং তা নিয়ে পশ্চিমা দেশগুলোর প্রতিক্রিয়ার বিষয়টিও আসে।

বিদেশি হত্যাকাণ্ডে মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী আইএসের দায়িত্ব স্বীকারের দাবি উঠলেও তা নাকচ করেছে সরকার।

Image
সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)

সৈয়দ আশরাফুল ইসলাম (ফাইল ছবি)

বাংলাদেশে আইএস বা আল কায়দার কোনো অস্তিত্ব নেই দাবি করে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম বলেন, “সব অপকর্মের হোতা খালেদা জিয়া।”

একাত্তরের যুদ্ধাপরাধের চলমান বিচার বাধাগ্রস্ত করতে বিভিন্ন ষড়যন্ত্র চলছে বলে শেখ হাসিনা দাবি করেন।

বিচার যথাযথভাবে হয়নি বলে যারা বিভিন্ন সময় বিবৃতি দিয়েছে, তাদের উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “যেদিন বঙ্গবন্ধু ও চার নেতাকে হত্যা করা হয়, সেদিন আপনাদের মানবতা আর আইনের শাসন কই ছিল?”

শিল্পমন্ত্রী আমির হোসেন আমু কারও নাম উল্লেখ না করে বলেন, “কখন বিচার চাইব না? যখন আমার দেহ আমাকে হত্যা করবে।”

সম্প্রতি প্রকাশক ফয়সল আরেফিন দীপন খুন হওয়ার পর তার বাবা অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক ক্ষুব্ধ হয়ে বলেন, তিনি বিচার চান না।

সমাবেশে আরও বক্তব্য রাখেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি এম এ আজিজ ও সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, খাদ্য মন্ত্রী কামরুল ইসলাম প্রমুখ।

পুরনো খবর:

যুদ্ধাপরাধীদের রক্ষায় বিদেশে বসে ষড়যন্ত্রে খালেদা: হাসিনা