কেউ খুনে জড়ালে বিএনপি তার দায় নেবে না: নজরুল
বিএনপির অন্যতম নীতি-নির্ধারক নজরুল ইসলাম খান বলেছেন, তার দল হত্যার রাজনীতিতে ‘বিশ্বাস করে না’ বলে দলের কেউ খুনে জড়িত হলে তার দায় নেওয়া হবে না।
ঢাকায় বিদেশি খুনে বিএনপির কেন্দ্রীয় নেতা ও ঢাকা মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক এম এ কাইয়ুমের নাম আসার মধ্যে বুধবার এক আলোচনা সভায় একথা বলেন তিনি।
তবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল একইসঙ্গে বলেন, বিদেশি হত্যাকাণ্ডে সরকার উদ্দেশ্যমূলকভাবে বিএনপি নেতাদের জড়াতে চাইছে।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক দোয়া মাহফিলে বিএনপির এই নেতা বিদেশি খুন নিয়ে সরকারের ‘অপপ্রচারের’ জবাবে বলেন, “আমরা স্পষ্টভাষায় বলে দিতে চাই, বিএনপি একটি উদার গণতান্ত্রিক দল। এই দল হত্যার রাজনীতি করে না। আমরা যারা ৩৭ বছর আগে এই দলে শহীদ জিয়াউর রহমানের সঙ্গে সমবেত হয়েছি, তারা হত্যার রাজনীতিতে বিশ্বাস করি না।
“যদি কেউ উপযুক্ত তদন্তে দায়ী প্রমাণিত হয়, তার দায় বিএনপি নেবে না। তবে সরকার অন্যায়ভাবে বিএনপির নেতা-কর্মীদের জড়াচ্ছে।”
সরকারকে চাপে ফেলতে ঢাকায় বিদেশি খুনের পেছনে বিএনপি নেতা কাইয়ুমের হাত রয়েছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল
নজরুল বলেন, মন্ত্রী ও সাংসদদের ‘প্রতিপক্ষ ঘায়েলের’ বক্তব্যে তদন্ত প্রভাবিত হচ্ছে।
“আমাদের সরকার প্রধান বিদেশে বসেই বলে দিলেন, এই ঘটনার সঙ্গে বিএনপি জড়িত। এখন চেষ্টা চলছে, তার (প্রধানমন্ত্রী) সেই কথা প্রমাণ করার জন্য বিএনপিকে কীভাবে সম্পৃক্ত করা যায়।”
বিভিন্ন হত্যাকাণ্ডের ‘উপযুক্ত’ তদন্ত করে দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।
নজরুল বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের নির্বাচনে অযোগ্য করতে তাদের বিরুদ্ধে বিভিন্ন মামলা, রায় দেওয়া হচ্ছে।
“বিএনপির জনপ্রিয় নেতাদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করে আরেকটা নির্বাচন করার ইচ্ছা বোধ হয় সরকারের আছে। একটা প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন।”
লন্ডনে চিকিৎসাধীন দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে এই দোয়া মাহফিল হয়।
এতে কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু, বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুজ্জামান রিপন, মোস্তাফিজুর রহমান বাবুল, তকদির হোসেন জসিম অংশ নেন।
