২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জেলহত্যা দিবস ‘ব্যাপকভাবে’ পালন করবে আ. লীগ

আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা চলছে অভিযোগ করে আওয়ামী লীগ নেতা মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ষড়যন্ত্রকারীদের রুখতে এবছর জেলহত্যা দিবস ‘ব্যাপকভাবে’ পালন করবেন তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2015, 09:50 PM

Updated : 22 Aug 2022, 01:36 PM

১৯৭৫ সালের ৩ নভেম্বর কারাগারে হত্যাকাণ্ডের শিকার জাতীয় চার নেতার স্মরণে প্রতিবছর নানা কর্মসূচি পালিত হয়ে আসছে। দিবসটি উপলক্ষে এবার ২ নভেম্বর  সোহরাওয়ার্দী উদ্যানে  জনসভা করবে আওয়ামী লীগ।

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ বলেন, “এ বছরের প্রথমদিকে বিএনপি-জামায়াত দেশকে অস্থিতিশীল করে এবং সম্প্রতি বিদেশি হত্যার মধ্য দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির চেষ্টা করে সরকারের অর্জন ম্লান করতে চাইছে।

“সরকার প্রধানের অভাবনীয় সাফল্যের কারণে এবছর আমরা ব্যাপকভাবে দিবসটি পালন করে জনগণকে আশ্বস্ত করতে চাই, সরকার উন্নয়নের ধারা অব্যাহত রাখবে এবং দেশের উন্নয়নকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”

ওই জনসভা সফল করতে সহযোগী সংগঠনগুলোর সঙ্গে প্রস্তুতি সভা করবে আওয়ামী লীগ।

এর অংশ হিসেবে সোমবার বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগ ও যুবলীগের নেতাদের সঙ্গে বৈঠকে বসবেন দলটির নেতারা। একই দিন বিকালে ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে মহিলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলোচনায় বসবেন আওয়ামী লীগ নেতারা।

পরদিন বিকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে কৃষক লীগ নেতাদের সঙ্গে বসবেন কেন্দ্রীয় নেতারা। বুধবার সকালে ধানমন্ডিতে ঢাকা মহানগর এবং পার্শ্ববর্তী জেলাগুলোর সব সংসদ সদস্য ও দলের  সভাপতি, সাধারণ সম্পাদকদের সঙ্গে এবং বিকেলে ধানমন্ডির কার্যালয়ে স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে বসবেন তারা।

২৯ অক্টোবর সকালে ঢাকা সিটি কর্পোরেশন উত্তর ও দক্ষিণের মেয়র ও কাউন্সিলরদের সঙ্গে ধানমন্ডি কার্যালয়ে এবং পরদিন বিকালে যুব মহিলা লীগের সঙ্গে বসবেন আওয়ামী লীগ নেতারা।