৭ নভেম্বর স্মরণে বিএনপির কর্মসূচি
পঁচাত্তরের ৭ নভেম্বর স্মরণে ১১ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।
এক অভ্যুত্থানে দলের প্রতিষ্ঠাতা, তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের গৃহবন্দিত্ব থেকে মুক্তির দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে থাকে বিএনপি।
শনিবার সকালে দলের যৌথ সভা শেষে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচি ঘোষণা করেন।
এই ১১ দিনে বিএনপিসহ দলের বিভিন্ন অঙ্গসংগঠন আলাদা আলাদাভাবে আলোচনা সভা, আলোকচিত্র প্রর্দশনী, ফ্রি মেডিকেল ক্যাম্প ও রক্তদান কর্মসূচি পালন করবে।
বিএনপির কর্মসূচির মধ্যে রয়েছে, ৭ নভেম্বর ভোরে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে ভোরে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় শেরে বাংলা নগরে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে পুষ্পমাল্য অর্পণ।
এছাড়া ৮ নভেম্বর বেলা ২টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে দলের আয়োজনে আলোচনা সভা।
পঁচাত্তরের ১৫ অগাস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর টালমাটাল পরিস্থিতিতে ৩ নভেম্বর খালেদ মোশাররফের নেতৃত্বে অভ্যুত্থানে গৃহবন্দি হওয়ার পর পাল্টা অভ্যুত্থানে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমান ৭ নভেম্বর মুক্ত হন।
এর মধ্য দিয়ে জিয়া ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন, হন দেশের প্রথম সামরিক আইন প্রশাসক। পরে সামরিক আইন প্রশাসক থেকে রাষ্ট্রপতি হয়ে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন।
বর্তমানে আওয়ামী লীগের জোটশরিক জাসদ এই দিনটিকে ‘সিপাহী-জনতার অভ্যুত্থান’ দিবস হিসেবে পালন করে। আওয়ামী লীগ পালন করে ‘মুক্তিযোদ্ধা সৈনিক হত্যা দিবস’ হিসেবে, বিএনপির চোখে দিনটি ‘বিপ্লব ও জাতীয় সংহতি দিবস’।
৭ নভেম্বরে স্মরণে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে দলের নয়া পল্টনের কার্যালয়ে বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় ও অঙ্গসংগঠনের নেতাদের যৌথ সভায় ১১ দিনের ওই কর্মসূচি চূড়ান্ত করা হয়।
যৌথ সভায় বিএনপি নেতা গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, শামসুজ্জামান দুদু, ফজলুল হক মিলন, আসাদুজ্জামান রিপন, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার, খায়রুল কবীর খোকন, সাখাওয়াত হোসেন জীবনসহ অন্যরা উপস্থিত ছিলেন।
এছাড়া অঙ্গসংগঠনের আবদুস সালাম আজাদ, মুনির হোসেন, শিরিন সুলতানা, নূরুল ইসলাম খান, তকদির হোসেন জসিম, হাফেজ আবদুল মালেক, মিলন মেহেদি ছিলেন।
