২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিয়াদের উপর বোমা হামলায় বিএনপি-জামায়াত: হানিফ

পুরান ঢাকার হোসাইনী দালানে শিয়া সম্প্রদায়ের আশুরার মিছিলে হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2015, 02:58 PM

Updated : 12 Oct 2022, 04:19 PM

শনিবার এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেন, “দেশকে অস্থিতিশীল করা ও সরকারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি যারা বোমা হামলা করেছে, তারা বিএনপি-জামাতের সদস্য।”

ভোররাতে এই বোমা হামলায় এক কিশোর নিহত এবং অর্ধ শতাধিক আহত হন। 

খাদ্যমন্ত্রী কামরুল ইসলামও এই হামলার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করেছেন। বিএনপি এর প্রতিক্রিয়ায় বলছে, তদন্তের পর্যায়ে এই বক্তব্য অপরাধীদের পার পাইয়ে দেবে।

শনিবার দুপুরে ধানমণ্ডিতে দলীয় সভাপতির কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলীর সভা হয়। ওই সভার পর সংবাদ সম্মেলনে আসেন হানিফ।

তিনি শিয়াদের উপর বোমা হামলার ঘটনার তীব্র নিন্দা ও নিহতের প্রতি শোক জানান।

তবে এক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির নজির হিসেবে মানতে নারাজ ক্ষমতাসীন দলের এই নেতা। 

“এই ধরনের কোনো পরিকল্পিত ঘটনা আইনশৃঙ্খলার অবনতি বোঝায় না।”

সংবাদ সম্মেলনে দলের যুগ্ম সম্পাদক দীপু মনি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক হাছান মাহমুদ এবং সমবায়বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক উপস্থিত ছিলেন।