২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ছাত্রলীগের সংঘর্ষে আহত ১০

পাবনায় ছাত্রলীগের স্থানীয় একটি কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2015, 05:24 PM

Updated : 22 Aug 2022, 01:30 PM

বুধবার সাঁথিয়া উপজেলার কাশিনাথপুর বাজারে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

সংঘর্ষের সময় পুলিশ উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুমনকে একটি পিস্তলসহ আটক করেছে বলে জানান সাঁথিয়া থানার ওসি নাসির উদ্দিন।

নাসির উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ১০ নেতাকর্মী আহত হয়েছেন।  

তিনি বলেন, সংঘর্ষ চলাকালে উপজেলা ছাত্রলীগের আহবায়ক আশরাফুজ্জামান সুমনকে প্রতিপক্ষের সমর্থকরা মারপিট করলে তিনি পিস্তল উঁচিয়ে ভয় দেখানোর চেষ্টা করেন। ওই সময় পুলিশ ঘটনাস্থল থেকে তাকে আটক করে।

“তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ।”

আটক ছাত্রলীগ নেতা সাঁথিয়ার কোনাবাড়িয়া গ্রামের খালেকুজ্জামান মন্টুর ছেলে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হবে বলেও জানান ওসি নাসির।  

কাশিনাথপুর বাজারে আবারও সংঘর্ষের আশংকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওসি।