প্রধানমন্ত্রীর বক্তব্যে প্রকৃত দোষীরা প্রশ্রয় পাবে: বিএনপি
দুই বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে জড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যে প্রকৃত দোষীরা প্রশ্রয় পাবে বলে আশঙ্কা প্রকাশ করেছে বিএনপি।
রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য প্রচারিত হয়েছে, তাতে বলা হয়েছে ‘খালেদা জিয়া সন্ত্রাস সৃষ্টি করতে বিদেশিদের হত্যা করছেন’।
“সরকারের শীর্ষ পর্যায় থেকে যখন এ ধরনের উদ্ভট অভিযোগ তোলা হয়, তখন প্রকৃতপক্ষে যারা দোষী এবং ওই ঘটনার যারা নায়ক, যারা বাংলাদেশকে অস্থিতিশীল করতে চায়, গণতন্ত্রকে বিপন্ন করতে চায়, তাদের প্রশ্রয় দেওয়া হয়।
“আমরা প্রধানমন্ত্রীর এহেন বক্তব্যের প্রতিবাদ ও নিন্দা জানাই।”
বিএনপির ভাবর্মূতি ক্ষুণ্ন করতেই ‘বানোয়াট ও ভিত্তিহীন’ এ অভিযোগ তোলা হয়েছে অভিযোগ করে রিপন বলেন, এটা অত্যন্ত অনভিপ্রেত, অনাকাঙ্ক্ষিত ও রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত।
হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের স্বার্থে সরকারের মন্ত্রীদের এসব ‘বিরোধিতামূলক’ বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
সম্প্রতি ঢাকায় ইতালির নাগরিক চেজারে তাভেল্লা এবং এর ছয় দিনের মাথায় রংপুরে জাপানের নাগরিক কুনিও হোশিওকে গুলি চালিয়ে হত্যা করে মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা।
জাপানি হত্যার ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও দুই হত্যাকাণ্ডের কারণ বা হোতাদের বিষয়ে এখনও কোনও ‘ক্লু’ খুঁজে পায়নি আইনশৃঙ্খলা বাহিনী।
এর মধ্যে শনিবার এসব হত্যাকাণ্ডের জন্য সরাসরি বিএনপি চেয়ারপারসনকে দায়ী করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া বিদেশে বসে বাংলাদেশে বিদেশি নাগরিকদের হত্যা করে আতঙ্ক ছড়াচ্ছেন ।
স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন যুক্তরাজ্যে রয়েছেন। সেখানে তার বড় ছেলে ও দলের জ্যেষ্ঠ ভাইস-চেয়ারম্যান তারেক রহমানও রয়েছেন।
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রিপন মনে করেন, সরকারের শরিক দল ওয়ার্কার্স পার্টি ও জাসদের পক্ষ থেকে ‘বিদেশিদের দোষারোপ করে’ দেওয়া বক্তব্যে নিরাপত্তা নিয়ে বিদেশিদের উদ্বেগ দূর হবে না।
“আমরা চাই, দুই বিদেশি নাগরিক হত্যার সুষ্ঠু তদন্ত হোক। এদেশে তাদের (বিদেশিদের) চলাচল নিরাপদ ও নির্বিঘ্ন হোক।
নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনের তার পাশে ছিলেন দলের ভাইস চেয়ারম্যান চৌধুরী কামাল ইবনে ইউসুফ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আহমেদ আজম খান, কেন্দ্রীয় নেতা খায়রুল কবীর খোকন, হাবিবুর রহমান হাবিব, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, শামীমুর রহমান শামীম, আসাদুল করীম শাহিন ও শিরিন সুলতানা।
