এক মামলার শুনানি পেছাল ১৬ বার
প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে হাতবোমা বিস্ফোরণ এবং আগুন দেওয়ার মামলায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৪৬ নেতাকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়ে গেছে।
সোমবার আসামিপক্ষ সময় চাইলে মহানগর হাকিম আতাউল হক ১৯ নভেম্বর শুনানির জন্য দিন রাখেন।
এ নিয়ে ১৬ বারের মতো এই মামলার অভিযোগ গঠনের শুনানি পেছানো হলো।
সংশ্লিষ্ট আদালতের পেশকার আশরাফুল হক সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামিদের আইনজীবী সানাউল্লা মিয়া সময় আবেদন করে বলেছেন, ‘তারা দ্রুত বিচার আইন এবং মামলাকে চ্যালেঞ্জ করে হাই কোর্টে একটি রিট আবেদন করেছেন। তবে এটি হাইকোর্ট খারিজ করে দেয়। যার বিরুদ্ধে তারা আপিল বিভাগে যাবে বলে লিভ টু আপিল করেছেন; যা শুনানির অপেক্ষায় রয়েছে’।”
মামলার এজাহারে বলা হয়, ২০১২ সালের ২৯ এপ্রিল এই আসামিরা প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে বিস্ফোরণ ও অগ্নি সংযোগের ঘটনা ঘটান।
পরে ৩৬ নেতাকর্মীকে আসামি করে তেজগাও থানার উপপরিদর্শক ইসমাইল মজুমদার এ মামলা করেন।
২০১৪ সালের ২৫ মে গোয়েন্দা পুলিশের (ডিবি) পুলিশ পরিদর্শক নূরুল আমিন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এম কে আনোয়ার, আ স ম হান্নান শাহ, গয়েশ্বর চন্দ্র রায়, মির্জা আব্বাস, রুহুল কবির রিজভী, আমান উল্লা আমান, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রশিদ হাবিবসহ ৪৬ জনের বিরুদ্ধে অভিযোগ পত্র জমা দেন।
