পুলিশকে খুনি হিসেবে দেখতে চাই না: রিপন
অপরাধ দমনের ক্ষেত্রেও পুলিশের সরাসরি গুলি চালানোর বিরোধিতা করেছেন বিএনপি নেতা আসাদুজ্জামান রিপন।
“পুলিশ জনগণের বন্ধূ, জনগণের বাহিনী। মুক্তিযুদ্ধে তাদের ভুমিকা স্মরণীয়। আমরা মনে করি, মানুষ মারার জন্য পুলিশ নয়। আমরা মানুষ হত্যাকারী পুলিশ দেখতে চাই না।”
অপরাধ দমনে সরাসরি গুলি ছুড়তে পুলিশ সদস্যদের ডিআইজি এস এম মাহফুজুল হক নূরুজ্জামানের নির্দেশের প্রতিক্রিয়ায় সোমবার এক সংবাদ সম্মেলনে একথা বলেন বিএনপির মুখপাত্র।
রিপন বলেন, “তার এরকম বক্তব্য আইনানুগ নয়। পুলিশের একটি প্রবিধান আছে। এটা মেনে পুলিশকে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ করতে হয়।
“আর এটা না মেনে যদি পুলিশ সদস্য যখন-তখন গুলি চালায়, তা আইনানুগ হয় না।”
পুলিশকে বিরোধী দল দমনে বর্তমান সরকার ব্যবহার করছে বলেও বিএনপির অভিযোগ।
গণমাধ্যমে নিয়ন্ত্রণ
সরকার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে বাংলাদেশে গণমাধ্যম নিয়ন্ত্রণ করছে বলে অভিযোগ করেন রিপন।
“গণতান্ত্রিক ছদ্মাবরণে এই সরকার কখনও বিজ্ঞাপন প্রকাশের ক্ষেত্রে, কখনও সম্পাদক ও সাংবাদিকদের বিরুদ্ধে মানহানির মামলার ক্ষেত্রে, কখনও টকশোর ক্ষেত্রে নিয়ন্ত্রণের বিষয়গুলো দৃশ্যমান হয়ে উঠেছে। বাস্তবে দেশে গণমাধ্যমের স্বাধীনতা নেই।”
সরকারের ‘গোপন গণমাধ্যম নীতির’ কারণে জনস্বার্থ বিষয়ক অনেক সংবাদ প্রকাশিত হচ্ছে না বলেও অভিযোগ বিএনপির।
সরকারের ‘নির্দেশনায়’ কিছু কিছু ব্যক্তিকে টেলিভিশন আলোচনা অনুষ্ঠানে ডাকা হচ্ছে না অভিযোগ করে এই ধরনের নিয়ন্ত্রণের জন্য তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুকে দায়ী করেন রিপন।
“ইনু সাহেব তথ্য মন্ত্রণালয়ের দায়িত্বে আসার পর থেকে গণমাধ্যমের ওপর বেশি করে নিপীড়ন ও দমন শুরু হয়েছে।”
দোহার জাল ভোট
দোহার উপজেলা পরিষদে উপনির্বাচনে সরকার সমর্থকদের বিরুদ্ধে ভোটকেন্দ্র দখলের অভিযোগও করেন বিএনপি নেতা রিপন।
বিএনপি সমর্থক উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুল হুদার মৃত্যুতে ঢাকা জেলার এই উপজেলায় সোমবার উপনির্বাচনে ভোটগ্রহণ হয়।
ভোট চলার মধ্যে নয়া পল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিপন বলেন, “আমাদের কাছে খবর এসেছে, ৭৫ কেন্দ্রের মধ্যে সকালে শাসক দলের সন্ত্রাসীরা ৪০টি কেন্দ্র দখল করে আমাদের দলের প্রার্থী সিরাজুল ইসলামের এজেন্টদের বের করে দিয়েছে।
“আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগার ওপর নির্বাচন কমিশনের কর্মকর্তাদের অসহায় উপস্থিতিতে সেখানে জাল ভোটের মহোৎসব চলছে।”
সেখানে সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি সমর্থিত প্রার্থীই জয়ী হতেন বলে দাবি করেন রিপন।
সংবাদ সম্মেলনের আগে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের সভাপতিত্বে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাদের একটি যৌথ সভা হয়। এতে ঈদের দিন দলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান জিয়াউর রহমানের কবরে দোয়া মাহফিলের কর্মসূচি সফল করার বিষয় নিয়ে আলোচনা হয়।
যৌথসভায় ছিলেন সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, আবদুস সালাম আজাদ, সৈয়দ এমরান সালেহ প্রিন্স, আসাদুল করীম শাহিন, এমএ মালেক, নুরী আরা সাফা, তকদির হোসেন জসিম, মুনির হোসেন, মোস্তাফিজুর রহমান, মনির খান, মিলন মেহেদি, হাফেজ আবদুল মালেক, আবদুস সাত্তার পাটোয়ারী প্রমুখ।
