২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালিহাতী ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি

টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষ ও গুলিতে তিন জন নিহত হওয়ার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে জাতীয়তাবাদী মহিলা দল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2015, 10:53 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

রোববার দুপুরে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান এ দাবি জানান।

তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করে সরকার ক্ষমতাকে পাকাপোক্ত করতে মরিয়া হয়ে উঠেছে। সন্ত্রাসীদের বিরুদ্ধে সোচ্চার সাধারণ জনগণের ওপর তারা গুলি চালিয়ে হত্যা করতে দ্বিধা করছে না। কালীহাতির ঘটনা তারই নিকৃষ্ট প্রমাণ।

“আমরা অবিলম্বে বিচার বিভাগী তদন্ত কমিটি গঠন করে পুলিশসহ একজন মহিলার ওপর নিযার্তনকারী দোষীদের গ্রেপ্তার ও শাস্তি দাবি করছি।”

গত শুক্রবার বিকালে ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে তিনজন নিহত হন।

এ ঘটনায় তিন উপ-পরিদর্শকসহ সাত পুলিশ সদস্যকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার পাশাপাশি ঘটনা খতিয়ে দেখতে পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি করা হয়েছে।

নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সম্মেলন কক্ষে মহিলা দলের উদ্যোগে ওই সভা হয়।

মহিলা দলের সভানেত্রী নুরী আরা সাফার সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে সংগঠনের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, সিনিয়র সহসভাপতি রাবেয়া সিরাজ, সহসভাপতি নুর জাহান মাহবুব, যুগ্ম সাধারণ সম্পাদক বিলকিস জাহান শিরিন, কেন্দ্রীয় নেত্রী রহিমা শিকদার, ফরিদা মনি, ফরিদা ইয়াসমীন প্রমুখ বক্তব্য রাখেন।