নাছিরকে ‘আনপপুলার’ হতে বললেন মোশাররফ
চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিনকে ‘আনপপুলার’ হওয়ার পরামর্শ দিলেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মঙ্গলবার চট্টগ্রামের আগ্রাবাদে ‘জাতীয় আয়কর দিবসে’ করদাতাদের সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে এই কথা বলেন মন্ত্রী, যেখানে বিশেষ অতিথি ছিলেন মেয়র আ জ ম নাছির উদ্দিন।
আওয়ামী লীগের কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য মোশাররফ বলেন, “আমি ১৯৭০ সাল থেকে এমপি নির্বাচিত হয়ে আসছি। মেয়রকে বলেছি চট্টগ্রামকে ‘গ্রিন সিটি-ক্লিন সিটি’ করতে হলে তোমাকে ‘অনপপুলার’ হতে হবে।
“প্রথম দুই বছর ‘আনপপুলার’ হলে জনগণের কাছে আজীবনের জন্য তুমি ‘পপুলার’ হতে পারবে।”
এসময় মঞ্চে থাকা মেয়র আ জ ম নাছির উদ্দিনকে হাসি মুখে মাথা নাড়তে দেখা গেছে।
স্বাধীনতাপূর্ব বিভিন্ন সময় আওয়ামী লীগের হয়ে চট্টগ্রামের মিরসরাই এলাকার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন মোশাররফ।
গত ২৮ এপ্রিল মেয়র নির্বাচিত হন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন।
মোশাররফ বলেন, “আমরা কোনো কিছু করতে গেলে প্রধানমন্ত্রীকে বলতে হয়। প্রধানমন্ত্রী না চাইলে তা তিনি ‘রিমুভ’ করতে পারেন।
‘কিন্তু মেয়র কোনো কাজ করতে চাইলে প্রধানমন্ত্রী তা করতে পারেন না’ বলে মন্তব্য করেন তিনি।
এসময় চট্টগ্রামের উন্নয়নের জন্য মেয়রকে সহায়তা করার আহ্বান জানান মোশাররফ।
বিশেষ অতিথির বক্তব্যে মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন, “গত কয়েকদিন ধরে আমি চট্টগ্রামের নাগরিকদের আবর্জনা ফেলার সময় পরিবর্তন করেছি।”
পরিচ্ছন্নতাকর্মীরা রাতের বেলায় কাজ করছে জানিয়ে তিনি বলেন, “আমি কাজগুলো তদারকি করি কিন্তু এখনও ‘সন্তুষ্ট’ হতে পারছি না।
আগামী বছরের ১ জানুয়ারি থেকে সিটি করপোরেশন আইনের ব্যবহার করা হবে জানিয়ে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “তখন কে কোন দলের তা দেখা হবে না। প্রয়োজনে জেল জরিমানা করা হবে।’’
চট্টগ্রামের ফুটপাথ দখলমুক্ত করার আশ্বাস দিয়ে মেয়র বলেন, “ইতোমধ্যে হকার নেতাদের সাথে কথা বলেছি। মানুষ ফুটপাথ দিয়ে হাঁটবে।
‘‘নগরীর বিভিন্ন স্থানে অবৈধ স্থাপনা উচ্ছেদ চলছে। সেখানেও হবে।”
হকারদের পুরোপুরি উচ্ছেদ করলে নগরীর ভারসাম্য নষ্ট হবে জানিয়ে মেয়র আ জ ম নাছির বলেন, “তাদের পুনর্বাসন করা করা সম্ভব না। তবে তাদের জন্য ভ্যান গাড়ি থাকবে। তারা সন্ধ্যা ৭টা থেকে ১১টা পর্যন্ত ভ্যানগাড়ি নিয়ে ব্যবসা করতে পারবেন।
‘অ্যাট অ্যানি হাউ’ আমি এটা করব” মন্তব্য নাছিরের।
